জঙ্গি সন্দেহে অসমের যুবক গ্রেফতার গুজরাটে

36

নিউজ ডেস্ক: অসমের করিমগঞ্জ জেলার ২২ বছর বয়সি এক যুবককে গ্রেপ্তার করেছে গুজরাট অ্যান্টি-টেররিস্ট স্কোয়াড (এটিএস)। তার বিরুদ্ধে পাকিস্তান-ভিত্তিক জঙ্গি সংগঠন ‘জইশ-ই-মোহাম্মদ’ (জেএম)-এর সঙ্গে যুক্ত থাকার এবং ভদোদরায় ভারতীয় বিমান বাহিনীর স্টেশন-সহ বিভিন্ন নিরাপত্তা প্রতিষ্ঠানে হামলার ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগ রয়েছে।


গুজরাট এটিএসের দাবি, ধৃত ব্যক্তির নাম মোহাম্মদ সাহারুল ইসলাম কবিরুদ্দিন। বৃহস্পতিবার রাতে হালোল-ভদোদরা রোডের একটি হোটেলের কাছ থেকে তাকে গ্রেফতার করা হয়। এর আগে ধৃত দাহোদ থেকে ‘ডেড ড্রপ’ প্রক্রিয়ায় একে-৪৭ সদৃশ একটি অ্যাসল্ট রাইফেল সংগ্রহ করেছিল বলে দাবি এটিএসের।


এটিএস-এর দাবি, তার কাছ থেকে একে-৪৭ সদৃশ একটি স্বয়ংক্রিয় অ্যাসল্ট রাইফেল, দুটি খালি ম্যাগাজিন, তিনটি তাজা কার্তুজ, জইশ-ই-মোহাম্মদের একটি পতাকা, দুটি মোবাইল ফোন, সিম কার্ড এবং নগদ ২০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।


জিজ্ঞাসাবাদের সময় তদন্তকারীরা জানতে পেরেছে যে, ভদোদরায় অবস্থিত ভারতীয় বিমান বাহিনীর স্টেশনের প্রবেশদ্বারে হামলার দায়িত্ব দেওয়া হয়েছিল কবিরুদ্দিনকে। তার মোবাইল ফোন থেকে সেখানকার কিছু ছবি উদ্ধার করা হয়েছে, যেগুলোতে লাল রঙের ক্রস চিহ্ন দেওয়া ছিল।


এটিএস-এর দাবি, কবিরুদ্দিন প্রায় এক বছর ধরে হোয়াটসঅ্যাপের মাধ্যমে পাকিস্তানে অবস্থানরত মুফতি রফিক— যিনি ‘ইবন আবদুল্লাহ’ নামেও পরিচিত— তার সঙ্গে যোগাযোগ রেখেছিল। তদন্তকারীদের দাবি, ধৃত অনলাইনে একে-৪৭ রাইফেল চালানোর ভিডিও দেখেছিল।


তদন্তকারী সংস্থার দাবি, কবিরুদ্দিন অসম থেকে ভোপাল হয়ে ভদোদরায় পৌঁছয় এবং সেখানে সয়াজিগঞ্জ রেলওয়ে স্টেশনের কাছে একটি হোটেলে ছিল। এরপর সে অস্ত্র সংগ্রহের জন্য দাহোদ যায়।