নিউজ ডেস্ক: সোমবার থেকে শুরু হচ্ছে সংসদ অধিবেশন। প্রথম দিনেই আসন পুনর্বিন্যাস বিল পেশ করতে পারে সরকার। এই বিলে পূর্ণ সমর্থন দিয়েছে ডিএমকে। ডিএমকে জানিয়েছে যে তারা কেন্দ্রের সংশোধিত ‘ডিলিমিটেশন বিল’ বা সীমানা পুনর্নির্ধারণ বিলকে সমর্থন করবে। দলের শীর্ষস্থানীয় সূত্র জানিয়েছে যে দলের প্রধান এম কে স্ট্যালিন যেসব দাবি করেছিলেন, সরকার তা পূরণ করেছে। এপ্রিল মাসে যে দলটি এই বিলের বিপক্ষে ভোট দিয়েছিল, তারাই শনিবার চেন্নাইতে এম কে স্ট্যালিনের সভাপতিত্বে অনুষ্ঠিত এক বৈঠকে এই সংশোধিত বিলকে সমর্থন করার সিদ্ধান্ত নিয়েছে।
এই বিলে লোকসভার আসন সংখ্যা ৫০ শতাংশ বাড়ানোর পরিকল্পনা রয়েছে, তবে বিভিন্ন রাজ্যের মধ্যে আসন বণ্টনের বর্তমান আনুপাতিক হার অপরিবর্তিত রাখা হবে।
সরকার এই আসন সম্প্রসারণের বিষয়টিকে ২০২৯ সাল থেকে লোকসভা ও রাজ্য বিধানসভাগুলোতে ৩৩ শতাংশ মহিলা আসন সংরক্ষণের বাস্তবায়নের সঙ্গে যুক্ত করেছে।
ডিএমকে-র এই সমর্থন অত্যন্ত তাৎপর্যপূর্ণ, কারণ সাংবিধানিক সংশোধনী পাস করার জন্য বিজেপি নেতৃত্বাধীন এনডিএ সরকারের অন্তত দুই-তৃতীয়াংশ সাংসদের সমর্থনের প্রয়োজন। লোকসভায় ডিএমকে-র ২২ সাংসদ রয়েছেন, যাদের ভোট আসন্ন সংসদীয় অধিবেশনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।
শুক্রবার এম কে স্ট্যালিন জোর দিয়ে বলেছিলেন যে, লোকসভার আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব কার্যকর হলেও তামিলনাড়ুর জন্য বরাদ্দ ৭.১৮ শতাংশ আসন অপরিবর্তিত রাখতে হবে।
প্রবীণ রাজনীতিবিদ শরদ পাওয়ার আগামী সপ্তাহের শুরুর দিকে সংসদে উত্থাপিত হতে যাওয়া এই বিতর্কিত বিলটিকে সমর্থন করার ইঙ্গিত দিয়েছেন।
১৯৯৯ সালে যে দল তিনি প্রতিষ্ঠা করেছিলেন, বর্তমানে তার একটি ছোট অংশের নেতৃত্ব দিচ্ছেন পাওয়ার। তিনি কংগ্রেস নেতৃত্বের সঙ্গে ফোনে কথা বলে নিজের সিদ্ধান্তের কথা জানিয়েছেন।

৮৫ বছর বয়সি শরদ পাওয়ার তাঁর অন্যতম ঘনিষ্ঠ মিত্রের সঙ্গে নিজের ‘বাধ্যবাধকতা’র কথা ব্যাখ্যা করেছেন। তিনি কংগ্রেসকে জানিয়েছেন যে, এনসিপি (এসপি)-কে ঐক্যবদ্ধ রাখার স্বার্থেই এই বিলটিকে সমর্থন করা জরুরি।
সোমবার যদি বিলটি ভোটাভুটির জন্য তোলা হয় এবং লোকসভায় সব সদস্য উপস্থিত থাকেন (মোট ৫৪০ জন), তবে বিল পাসের জন্য দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা অর্থাৎ অন্তত ৩৬০ জন সাংসদের সমর্থন প্রয়োজন হবে। বিজেপির নিজস্ব ২৪১ জন সাংসদ রয়েছেন এবং মিত্রদের সহায়তায় এই সংখ্যা ৩১৯-এ পৌঁছাতে পারে।
৩১৯ জনের এই সংখ্যাটিতে তৃণমূলের বিদ্রোহী ২০ জন সদস্য (যারা এখন এনসিপিআই-এর সঙ্গে রয়েছেন) এবং এসএডি-র একজন সদস্য অন্তর্ভুক্ত থাকবেন। এনসিপি (এসপি)-র আটজন সাংসদ যুক্ত হলে এই সংখ্যাটি বেড়ে ৩২৮-এ পৌঁছতে পারে। এর সঙ্গে ডিএমকে-র ২২ সাংসদ যোগ দিলে মোট সংখ্যা দাঁড়াবে ৩৫০-এ— যা ৩৬০-এর লক্ষ্যমাত্রা থেকে ১০ সাংসদ কম। আর এখানেই বিজেপি ওয়াইএসআরসিপি-র চারজন সাংসদ এবং অন্যান্য ছোট দলগুলোর সমর্থনের ওপর নির্ভর করবে বলে আশা করা হচ্ছে।
মহারাষ্ট্র কংগ্রেস একটি পোস্টে উল্লেখ করেছে যে, চলতি বছরের শুরুর দিকে শরদ পওয়ারকে রাজ্যসভায় পুনর্নির্বাচিত করার সুযোগ করে দিতে কংগ্রেস নিজের প্রাপ্য একটি রাজ্যসভা আসন ছেড়ে দিয়েছিল।
সীমানা পুনর্নির্ধারণ ইস্যুতে শরদ পওয়ারের এনসিপি বিরোধী শিবির ছেড়ে বেরিয়ে আসায় মহারাষ্ট্র কংগ্রেস ক্ষুব্ধ। এবিষয়ে এনসিপির বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়েছে কংগ্রেস।
কংগ্রেসের রাজ্য শাখা শরদ পাওয়ার এবং দলের কার্যকরী সভানেত্রী সুপ্রিয়া সুলেকে মনে করিয়ে দিয়েছে যে, চলতি বছরের শুরুর দিকে শরদ পাওয়ারের রাজ্যসভা নির্বাচনে কংগ্রেস সমর্থন জুগিয়েছিল। একই সঙ্গে, কংগ্রেসের পরিষদীয় দলনেতা বিজয় ওয়াডেত্তিওয়ার এনসিপি-কে ‘ক্ষমতালোভী’ বলে অভিহিত করেছেন।
তীব্র ভাষায় আক্রমণ করে ওয়াডেত্তিওয়ার বলেন, পাওয়ারের পিঠে ছুরি মারার ইতিহাস রয়েছে। তিনি আরও বলেন, তিনি যেন জল ছাড়া মাছের মতো ছটফট করছেন, তাঁর কোনও সুনির্দিষ্ট আদর্শ নেই। আমরাই পওয়ারকে রাজ্যসভায় পাঠিয়েছিলাম, কিন্তু গণতন্ত্র ধ্বংসের নেপথ্যে থাকা ব্যক্তিদের ইতিহাস যখন লেখা হবে, তখন নিশ্চিতভাবেই তাতে তাঁর নাম থাকবে। পাওয়ারের দল যা করেছে, তা অত্যন্ত দুর্ভাগ্যজনক এবং ভুল।
শরদ পাওয়ারকে ফের রাজ্যসভায় পাঠানোর লক্ষ্যে কংগ্রেস শেষ পর্যন্ত তাঁর পাশে দৃঢ়ভাবে দাঁড়িয়েছিল। ২০২৬ সালের মার্চ মাসে মহারাষ্ট্রের ৭টি রাজ্যসভা আসনের জন্য নির্বাচন হওয়ার কথা ছিল। ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি (শরদ পাওয়ার)-এর বিধায়ক সংখ্যা ছিল মাত্র ১০। একজন প্রার্থীর নির্বাচিত হওয়ার জন্য ৩৬টি ভোটের প্রয়োজন ছিল। কংগ্রেসের বিধায়ক সংখ্যা ছিল ১৬ এবং শিবসেনা (উদ্ধব বালাসাহেব ঠাকরে)-র বিধায়ক সংখ্যা ছিল ২০। জোট নির্ধারিত আসনটি কংগ্রেস ছেড়ে দেয় মহারাষ্ট্রের প্রবীণ রাজনীতিক শরদ পাওয়ারকে।