তৃতীয়া থেকেই কলকাতায় নিরাপত্তায় বাড়তি পুলিশ

36

পৃথা দাশগুপ্ত,কলকাতা: আজ, তৃতীয়া থেকেই রাস্তায় থাকছে বাড়তি পুলিশ। চতুর্থীর বিকেল থেকে পুরোদমে পুলিশ থাকবে রাস্তায়। কলকাতায় এই বছর পুজোর সংখ্যা বেড়ে হয়েছে ২,৯৮১টি।

লালবাজার কতটা প্রস্তুত?

লালবাজার সূত্রে খবর, এই বছর সব থেকে বেশি পুজো হচ্ছে যাদবপুরে।‌পুজোর সংখ‌্যা ৬৮৫টি। এরপর বেহালায় ৫৯৮টি পুজো।

পূর্ব কলকাতায় ৩৩৫, উত্তর কলকাতায় ৩১২, দক্ষিণ কলকাতায় ২৫৮, দক্ষিণ পূর্ব কলকাতায় ২০৮, ইস্ট ডিভিশনে ১৯৩, মধ‌্য কলকাতায় ১২৮টি, বন্দর এলাকায় ১১৬টি পুজো হচ্ছে। ভাঙড় ডিভিশনে পুজোর সংখ‌্যা ১৪৮।

দক্ষিণ কলকাতার মুদিয়ালি, শিব মন্দির, সুরুচি সংঘ চেতলা অগ্রণী থেকে শুরু করে বিগ বাজেট পুজোয় ভিড় হয়। ফলে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

মধ‌্য কলকাতার কলেজ স্কোয়ার, মহম্মদ আলি পার্ক, সন্তোষ মিত্র স্কোয়ার, অ‌্যালেন পার্ক-সহ দক্ষিণ কলকাতার কয়েকটি বড় পুজো মণ্ডপে জোরদার পুলিশি ব‌্যবস্থা করা হয়েছে।

বিকেল ৪টে পুলিশের উচ্চ পদস্থ আধিকারিকরা রাস্তায় থাকবেন।‌ প্রায় ২০ হাজার ভলান্টিয়ার থাকবেন। সাধারণ দর্শনার্থীদের মণ্ডপে ঢুকতে বা বেরোতে যাতে কোন অসুবিধা না হয় নজর রাখবেন পুলিশকর্মীরা।

নিরাপত্তার জন‌্য শহরে মোতায়েন করা হচ্ছে দু’দফায় ২০টি হেভি রেডিও ফ্লাইং স্কোয়াড, ১০টি স্পেশাল রেডিও ফ্লাইং স্কোয়াড, ৩০টি পিসিআর মোবাইল ভ‌্যান। এই টহলদার গাড়িগুলি ট্রাফিক পুলিশের সঙ্গে যোগাযোগ রাখবে।

কোনও অগ্নিকাণ্ডের মত দুর্ঘটনা যদি ঘটলে, দমকলের গাড়িকে ঘটনাস্থলে নিয়ে যাবে পুলিশের গাড়ি। কলকাতা পুলিশের তিনটি লঞ্চ ১৫টি ঘাটে ঘুরবে।‌ ৪২টি ওয়াচ টাওয়ার থেকে বাইনোকুলার নিয়ে পুলিশ নজরদারি করবে।

সারা শহরজুড়ে টহল দেবে ৭টি মোবাইল পুলিশ অ‌্যাসিস্ট‌্যান্ট ভ‌্যান। ৬টি জায়গায় থাকছে ট্রাফিক পুলিশ অ‌্যাসিস্ট‌্যান্ট বুথ। শহরের ন’টি জায়গায় মোতায়েন করা থাকবে কুইক রেসপন্স টিম। এই টিমে থাকছেন কমব‌্যাট বাহিনী।১৪টি পুলিশ অ‌্যাম্বুল‌্যান্স ও ১৪টি ট্রমা কেয়ার অ‌্যাম্বুল‌্যান্স দর্শনার্থীদের সুবিধার জন‌্য তৈরি থাকছে। ৩২টি মেট্রো স্টেশনের সামনেও পর্যাপ্ত সংখ‌্যক পুলিশ থাকছে বলে জানিয়েছে পুলিশ।

দিনের বেলায় যারা ঠাকুর দেখতে বেরোবেন তাদের জন্য থাকবে পুলিশি সহায়তা।