নিউজ ডেস্ক: ১৫ অক্টোবর থেকে নয়, দীপাবলির পর ইউপিআই লেনদেনের ওপর মাশুল আরোপ হবে।
ব্যবসায়ীদের অনুরোধের প্রেক্ষিতে ইউপিআই লেনদেনের ওপর মাশুল বা চার্জ আরোপের বিষয়টি পিছিয়ে দেওয়া হয়েছে। ১৫ অক্টোবর নয়, দীপাবলির পর নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে মার্চেন্ট ডিসকাউন্ট রেট বা এমডিআর চার্জ কার্যকর হবে।
মঙ্গলবার এক বিবৃতিতে এনপিসিআই জানিয়েছে, উৎসবের মরশুমের কথা মাথায় রেখে ইউপিআই এবং সার্ভিসেস স্টিয়ারিং কমিটি মঙ্গলবার সিদ্ধান্ত নিয়েছে যে, নির্দিষ্ট কিছু পার্সন-টু-মার্চেন্ট বা গ্রাহক-থেকে-বিক্রেতা ইউপিআই লেনদেনের ওপর এমডিআর চার্জ দীপাবলির ঠিক পরেই কার্যকর করা হবে। এনপিসিআই আরও জানিয়েছে, এটি কার্যকর করার নতুন তারিখ পরে জানিয়ে দেওয়া হবে।
এর আগে এটি কার্যকর করার তারিখ নির্ধারিত ছিল ১৫ অক্টোবর। যা উৎসবের কেনাকাটার মরশুম, যখন সাধারণত ক্রেতাদের খরচের পরিমাণ বেড়ে যায়। তাই পেমেন্ট সংস্থা ও গ্রাহকদের নিজেদের সিস্টেম আপডেট করার জন্য বাড়তি সময় দিতে এবং উৎসবের মরশুমে এই পরিবর্তন আনার বিষয়ে বিভিন্ন উদ্বেগের বিষয়টি বিবেচনা করে এই পদক্ষেপ পিছিয়ে দেওয়া হয়েছে।
এর আগে সেপ্টেম্বরে, ইউপিআই স্টিয়ারিং কমিটি ২,০০০ টাকার বেশি মূল্যের লেনদেনের ক্ষেত্রে ইউপিআই এমডিআর ০.৪ শতাংশ নির্ধারণ করেছিল। এমডিআর হল ডিজিটাল পেমেন্ট প্রক্রিয়ার জন্য ব্যবসায়ীদের কাছ থেকে নেওয়া মাশুল। ০.৪ শতাংশ হারের অর্থ, প্রতি ২,০০০ টাকা খরচের জন্য ৮ টাকা অথবা ইউপিআই-এর মাধ্যমে প্রতি ১০,০০০ টাকা পরিশোধের ক্ষেত্রে ৪০ টাকা মাশুল দিতে হবে। অন্যদিকে, রেলওয়ে, টেলিকম, বিমা, জ্বালানি এবং কৃষি উপকরণের মতো নির্দিষ্ট কিছু ক্ষেত্রে ২,০০০ টাকার বেশি লেনদেনের ওপর ৫ টাকার একটি নির্দিষ্ট (ফ্ল্যাট) এমডিআর ধার্য হবে।
UPI-এর ক্ষেত্রে MDR ধার্য করার যৌক্তিকতা
কেন্দ্রীয় সরকার আগেই জানিয়েছে যে, এই মাশুল বা চার্জ গ্রাহকদের নয়, বরং ব্যবসায়ীদের বহন করতে হবে এবং ৭৫,০০০ টাকা বা তার বেশি মূল্যের লেনদেনের ক্ষেত্রে এটি সর্বোচ্চ ৩০০ টাকা পর্যন্ত সীমাবদ্ধ থাকবে। ব্যক্তি-পর্যায়ের লেনদেন এবং দৈনন্দিন কেনাকাটার ক্ষেত্রে ব্যবসায়ীদের অধিকাংশ লেনদেন আগের মতোই বিনামূল্যে থাকবে।
অর্থ মন্ত্রক সেপ্টেম্বর মাসে জানিয়েছিল, ইউপিআই পরিষেবা পরিচালনায় বার্ষিক প্রায় ২০,০০০ কোটি টাকা খরচ হয়। তাই কেন্দ্রীয় সরকারের যুক্তি, দীর্ঘমেয়াদে এই পরিষেবা চালানোর জন্য শুধু সরকারি ব্যবস্থার ওপর নির্ভর করা যায় না।