প্রতীক হারিয়ে কমিশনের বিরুদ্ধে এবার সুপ্রিম কোর্টে মমতা

6

পৃথা দাশগুপ্ত: প্রতীক নিয়ে জল গড়িয়েছে বহু দূরে। প্রতীক হারানোর পর সাংবাদিক বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন প্রয়োজনে কমিশনের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে আদালতে যাবেন। আর শুক্রবার রাতেই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন মমতা বন্দ্যোপাধ্যায়। দলের নাম ও প্রতীক ইস্যুতে কমিশনের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে মামলা দায়ের হয়েছে।

সূত্রের খবর, নির্বাচন কমিশনের বিরুদ্ধে মামলা দায়েরের পাশাপাশি মামলায় যুক্ত করা হয়েছে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কেও। আগামী সপ্তাহেই প্রধান বিচারপতির বেঞ্চে এই মামলার শুনানির সম্ভাবনা।‌

মামলা দায়ের হলেও রেজিনগর ও নন্দীগ্রাম উপনির্বাচনের আগে কমিশনের এই অন্তর্বর্তীকালীন সিদ্ধান্ত বাস্তবায়ন হয়ে গিয়েছে। ফলে উপনির্বাচনে আর কোন‌ও পরিবর্তন ঠেকানো সম্ভব নয়। ফলে এই উপনির্বাচনের আগে এই মামলা কোনও কার্যকর হবে না।

যদিও মনে করা হচ্ছে , কমিশনের অন্তর্বর্তীকালীন সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে এখনই মামলা দায়ের করলে ফের কমিশনের কাছেই এই মামলা ফেরত যেতে পারে। কারণ কমিশন এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি। এখন দেখার আগামী সপ্তাহে শীর্ষ আদালতের কী পর্যবেক্ষণ হয়।