ভোররাতে সিপিআই(এম) নেতা ও বিশিষ্ট আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্যের বাড়িতে হামলার অভিযোগ

41

পৃথা দাশগুপ্ত,কলকাতা:ভোররাতে চাঞ্চল্য ছড়াল কলকাতায়। আজ ভোর ৫টা নাগাদ মুখ কাপড়ে ঢেকে এবং মোটরবাইকের নম্বর প্লেট আড়াল করে দুষ্কৃতী বিকাশরঞ্জন ভট্টাচার্যের বাড়ির সামনে আসে। মদের বোতল ছুঁড়ে বাড়ির একাধিক জানলার কাচ ভেঙে দেওয়া হয় বলে অভিযোগ । ভাঙা বোতলের টুকরো ছড়িয়ে পড়ে বাড়ির সামনের রাস্তাতেও। সিসিটিভি ফুটেজে এক ব্যাক্তিকে মুখ ঢাকা অবস্থায় দেখা গেছে।

মত্ত অবস্থায় তাঁর বাড়ির সামনে দুষ্কৃতির তাণ্ডবের অভিযোগ। অভিযোগ করে থানায় এফ আই আর দায়ের করেছেন বিকাশরঞ্জন ভট্টাচার্য।

অভিযোগ, হামলাকারীরা বাড়ির সিসিটিভি ক্যামেরাও ভেঙে দেয়। ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন বাড়ির অন্যান্য বাসিন্দারা। অল্পের জন্য রক্ষা পেয়েছেন তাঁর বাড়ির পরিচারিকা বলেও দাবি করেছেন বিকাশরঞ্জন ভট্টাচার্য।

তিনি অভিযোগ করছেন, হামলা প্ল্যান করে করা।‌ তাঁর কথায়, মুখ ঢেকে এবং নম্বর প্লেট আড়াল করে হামলাকারীরা এসেছিল। অভিযোগের তির বিজেপির দিকে। থানায় অভিযোগ দায়ের করেছেন বিকাশরঞ্জন ভট্টাচার্য। পাশাপাশি দোষীদের অবিলম্বে শনাক্ত করে শাস্তি দেওয়ার দাবিও তুলেছেন তিনি।