৪৮ ঘণ্টার মধ্যে মেসিকাণ্ডে হাজিরা দিতেই হবে অরূপ বিশ্বাসকে

30

পৃথা দাশগুপ্ত,কলকাতা: বারবার হাজিরা এড়িয়েছেন। এবার মেসিকাণ্ডে আর হাজিরা এড়াতে পারবেন না অরূপ বিশ্বাস। পুলিশের জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতেই হবে প্রাক্তন ক্রীড়ামন্ত্রীকে। শনিবার ফের তাঁকে নোটিস পাঠিয়েছেন বিধাননগর দক্ষিণ থানার পুলিশ। বেঁধে দেওয়া হয়েছে ৪৮ ঘণ্টা সময়।

এর আগে তাঁকে দু’বার নোটিস পাঠায় বিধাননগর কমিশনারেটের তদন্তকারীরা। কিন্তু বারবারই নানা কারণে হাজিরা এড়িয়েছেন তিনি। গ্রেফতারির আশঙ্কায় হাইকোর্টের দ্বারস্থ হন প্রাক্তন মন্ত্রী। রক্ষাকবচ দিলেও পুলিশের জিজ্ঞাসাবাদের মুখোমুখি না হওয়ায় অরূপের ভূমিকায় ক্ষুব্ধ আদালত। বিচারপতি সৌগত ভট্টাচার্য সাফ জানিয়ে দেন, পুলিশ ডাকলে নির্ধারিত দিনে হাজিরা দিতেই হবে অরূপ বিশ্বাসকে। তদন্তে কোনও স্থগিতাদেশ দেওয়া হবে না। আর এরপরই অরূপ বিশ্বাসকে নোটিস পাঠালেন তদন্তকারীরা।

গত বছর ১৩ ডিসেম্বর কলকাতায় যুবভারতী ক্রীড়াঙ্গনে গোট ট্যুরে বিশৃঙ্খলা। অরূপ বিশ্বাসের বিরুদ্ধে অভিযোগ তুলে পুলিশের দ্বারস্থ হন অনুষ্ঠানের আয়োজক শতদ্রু দত্ত। মেসির কাঁধে হাত দিয়ে ছবি তুলতে দেখা যায় অরূপ বিশ্বাসকে। অবৈধ ভাবে পাস বিক্রি-সহ একাধিক অভিযোগ প্রাক্তন ক্রীড়ামন্ত্রীর বিরুদ্ধে। সেই অভিযোগের প্রেক্ষিতেই জিজ্ঞাসাবাদের জন্য অরূপ বিশ্বাসকে নোটিস দিয়ে তলব করে পুলিশ।

বুধবার সেই মামলার শুনানিতে রক্ষাকবচ পেলেও আদালতে চরম ভর্ৎসনার মুখে পড়েন প্রাক্তন ক্রীড়ামন্ত্রী। এর পরেই তদন্তে পুলিশকে সবরকম সহযোগিতার নির্দেশ দেন বিচারপতি। একইসঙ্গে আদালতের অনুমতি ছাড়া শহরের বাইরে যেতে পারবেন না অরূপ বিশ্বাস, তাও স্পষ্ট করে দেয় কোর্ট।