পাকিস্তানকে জল দেওয়া বন্ধ করল আরও এক দেশ, সঙ্কট তীব্র ভারতের শত্রু দেশের

23

নিউজ ডেস্ক: জলের হাহাকারে ভোগা পাকিস্তানের জন্য আরও দুশ্চিন্তা। শুধু ভারত নয় এবার আরও এক পড়শি রাষ্ট্র পাকিস্তানকে জল দিতে রাজি নয়।

আফগানিস্তানের তালিবান সরকার কুনার নদী থেকে নানগারহার অঞ্চলের দিকে জল সরিয়ে নেওয়ার পরিকল্পনা করছে। ফলে শাহবাজ শরিফের পাকিস্তানকে আরও জলের সঙ্কটে পড়তে হবে। আফগানিস্তানের এই পদক্ষেপের ফলে খাইবার পাখতুনখোয়া অঞ্চলে জলের প্রবাহ কমে যেতে পারে। যা পাকিস্তানের জলের সঙ্কটকে আরও বাড়িয়ে তুলবে। এমনিতেই পাকিস্তানের সঙ্গে আফগানিস্তানের এখন আদায়-কাঁচকলায় সম্পর্ক। এবার আফগান সরকারের জলের দিক ঘোরানোর সিদ্ধান্তে আরও টানাপড়েন শুরু হয়েছে।

আফগানিস্তানের প্রধানমন্ত্রীর কার্যালয়ের অর্থনৈতিক কমিশনের কারিগরি কমিটির এক বৈঠকে কুনার নদী থেকে নানগারহারের দারুন্তা বাঁধে জল স্থানান্তরের একটি প্রস্তাব অনুমোদন করা হয়েছে। প্রকল্পটি বাস্তবায়িত হলে আফগানিস্তানের নানগারহার প্রদেশের কৃষিজমিতে জলের সঙ্কট দূর হবে বলে আশা করা হচ্ছে। তবে এর ফলে পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশে জলের প্রবাহ প্রভাবিত হবে।

পাকিস্তানের ওপর প্রভাব:

কুনার নদীর উৎপত্তি হিন্দু কুশ পর্বতমালার পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের চিত্রাল জেলায়। এটি আফগানিস্তানের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে। আফগানিস্তান যদি পাকিস্তানে প্রবেশের আগেই কুনার নদীর ওপর কোনো বাঁধ নির্মাণ করে তা সেচ, পানীয় জল সরবরাহ এবং জলবিদ্যুৎ প্রকল্পের জন্য পাকিস্তানের জন্য আরও সমস্যার।

১৯৬০ সালের ১৯ সেপ্টেম্বর ভারত ও পাকিস্তানের মধ্যে এই ঐতিহাসিক সিন্ধু জল চুক্তি সই হয়েছিল। চুক্তি অনুযায়ী, সিন্ধু ও তার উপনদীগুলির মধ্যে পূর্বমুখী শতদ্রু, বিপাশা এবং ইরাবতীর জল পাওয়ার অধিকার রয়েছে ভারতের। অন্যদিকে, পশ্চিমমুখী সিন্ধু, চন্দ্রভাগা এবং বিতস্তার জলের ওপর অধিকার দেওয়া হয়েছিল পাকিস্তানকে। কিন্তু গত বছর পহেলগাঁও হামলার প্রতিবাদে পাকিস্তানের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ হিসেবে এই চুক্তি স্থগিত করে দেয় ভারত। এরপর আন্তর্জাতিক মঞ্চে ভারতের বিরুদ্ধে একাধিকবার নালিশ জানালেও কোনো সুবিধা করতে পারেনি পাকিস্তান।