বিকাশ ভট্টাচার্যের বাড়িতে হামলার ঘটনায় বিকাশের হয়ে এজলাসে সরব কল্যাণ বন্দ্যোপাধ্যায়

30

পৃথা দাশগুপ্ত: “আমরা এক ভয়ঙ্কর সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি।” বিকাশ ভট্টাচার্যের বাড়িতে হামলার ঘটনায় আজ এজলাশে দাঁড়িয়ে বললেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়।

একের পর এক মামলায় একে অপরের বিরোধী। টানটান স‌ওয়াল জবাবে লড়েছেন দুই আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় ও বিকাশ রঞ্জন ভট্টাচার্য । সেটা নিয়োগ দুর্নীতি হোক বা অন্য বড় যে কোনো মামলা। তবে আজ এজলাসে অন্যরকম ছবি। রাজ্যে পালাবদল । এই আবহে বিকাশ রঞ্জন ভট্টাচার্যের বাড়িতে হামলা হতেই কলকাতা হাইকোর্টে সরব আইনজীবীরা। আজ ভোরে আইনজীবী তথা প্রাক্তন সাংসদ বিকাশ রঞ্জন ভট্টাচার্যের বাড়িতে হামলা চালায় এক দুষ্কৃতী। বোতল ছুঁড়ে বাড়ির জানলার কাঁচ ভেঙে দেওয়া হয় বলে অভিযোগ। কয়েকদিন আগে আইনজীবী শামিম আহমেদের গাড়িতে হামলার ঘটনা ঘটে। পরপর এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করে কলকাতা হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ ও পদক্ষেপ করার আর্জি জানালেন কলকাতা হাইকোর্টের আইনজীবীরা।‌

আজ এজলাসে কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, আমরা যারা রাজ্যের বিরোধিতা করছি, তারা ভয়ঙ্কর অবস্থায় আছি। কর্মবিরতি করতে চাই।” হাইকোর্টের প্রধান বিচারপতি রবীন্দ্র ভি ঘুগে বলেন, “আপনারা সিজ ওয়ার্ক করলে আমি শেষ পর্যন্ত বাধা দেব। আমরা সারাজীবন আইনজীবী, আজও নিজেকে তাই মনে করি। বিশ্বাস রাখুন।”

কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, “এটা কোনও আইনজীবীদের সমস্যা নয়। বাইরে থেকে গুণ্ডারা আক্রমণ চালাচ্ছে। পুলিশ কী করছে? গোয়েন্দারা কী করছে? বাড়ির লোকেরা আতঙ্কিত।”

শামিম আহমেদের উপর হামলার ঘটনায় কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, “শামিম আহমেদ ও তাঁদের চারটে গাড়ির উপর আক্রমণ হয়েছে। এফআইআর হয়েছে। তারপরে কী হল? বারুইপুরের ঘটনায় কেউ গ্রেফতার হয়নি। রাজ্যের সংস্কৃতি এটা ছিল না এর আগে।”

শামিম আহমেদ তখন বলেন‌ ‘আইনশৃঙ্খলার অবস্থা খুব খারাপ’। প্রধান বিচারপতির পর্যবেক্ষণ, “সঠিক তদন্ত করা উচিৎ।”এই বিষয়ে রাজ্য কী পদক্ষেপ নিয়েছে তা আগামীকাল অর্থাৎ শুক্রবারের মধ্যে জানাতে হবে কলকাতা হাইকোর্টকে নির্দেশ প্রধান বিচারপতির বেঞ্চের। রাজ্যের পুলিশ ব্যবস্থা নেবে বলে আশ্বাস দেন এজি।