সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় রিপোর্ট তলব কলকাতা হাইকোর্টের

25

পৃথা দাশগুপ্ত,কলকাতা: নিট কান্ডে কলকাতায় মিছিলে সাংবাদিকদের উপর হামলার ঘটনায় রাজ্যের কাছে রিপোর্ট তলব করল কলকাতা হাইকোর্ট ।‌ এই ঘটনায় রাজ্য কী পদক্ষেপ করেছে? তিন সপ্তাহের মধ্যে রিপোর্ট জমা দিয়ে জানাতে হবে কলকাতা হাইকোর্টকে। একইসঙ্গে মিটিং মিছিল, দুষ্কৃতীমূলক কাজ নিয়ন্ত্রণ করা নিয়ে গাইডলাইন তৈরি করার বিষয়ে রাজ্যের কাছে অবস্থান জানতে চাইল কলকাতা হাইকোর্ট।‌

৮ টি সংগঠনের ডাকে গত শুক্রবার নিটের প্রশ্নফাঁসের প্রতিবাদে মিছিল ছিল কলকাতায়।‌ সেই মিছিলে আক্রান্ত হন একাধিক সাংবাদিক। ভিড়ের মাঝে তাঁদের উপর হামলার ঘটনা ঘটে। মিছিলে আহত এক সাংবাদিক মামলা করেন কলকাতা হাইকোর্টে। আজ সেই মামলায় রিপোর্ট তলব করলেন বিচারপতি কৃষ্ণা রাও।

আদালতে আবেদন করা হয়, ছাত্র বা কোনও আন্দোলনের বিপক্ষে নয়। রাজ্য একটি গাইডলাইন তৈরি করুক। যাতে মিছিলে কোনও দুষ্কৃতীমূলক কাজ না হয়। কোনও অসামাজিক কাজ হলে, সেটার দায় রাজনৈতিক দল বা আয়োজকদের নিতে হবে বলেও উল্লেখ করা হয় আবেদনে।

ইতিমধ্যেই ছাত্র আন্দোলন নিয়ে বিশেষ নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। ছাত্র-ছাত্রীদের বিক্ষোভে পুলিশের লাঠিচার্জ, অত্যাচারের ঘটনায় পশ্চিমবঙ্গ সরকারের থেকে রিপোর্ট তলব করেছে সুপ্রিম কোর্ট। পশ্চিমবঙ্গ ছাড়াও দিল্লি, মহারাষ্ট্র, কেরালা, বিহার, অসম, উত্তর প্রদেশ এবং কেন্দ্রীয় সরকারের কাছে রিপোর্ট তলব করা হয়েছে। কোনও ছাত্রছাত্রীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যাবে না বলেও রাজ্যগুলিকে নির্দেশ দিয়েছেন বিচারপতি সূর্য কান্ত।