ফের নির্বাচন কমিশনকে চিঠি মমতার

4

পৃথা দাশগুপ্ত, কলকাতা: ফের নির্বাচন কমিশনকে চিঠি দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ২৫ জুলাইয়ের মধ্যেও ঋতব্রত বন্দ্যোপাধ্যায় শিবিরের তরফে কোনও জবাব না দেওয়ার অভিযোগ। তাই তাঁদের আর সময় না দিয়ে দ্রুত এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার আবেদন জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়। অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের চেয়ারপার্সন মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচন কমিশনের সচিব অশ্বিনী কুমার মোহালকে চিঠি লিখে দলের প্রতীক ও স্বীকৃতি সংক্রান্ত অভিযোগের তদন্ত দ্রুত শেষ করার আবেদন জানিয়েছেন।

চিঠিতে কী লেখা রয়েছে ?

চিঠির বয়ান, নির্বাচন কমিশনের ২ জুলাইয়ের নির্দেশ অনুযায়ী মমতাপন্থী তৃণমূল ৬ জুলাইয়ের মধ্যেই নিজেদের জবাব জমা দিয়েছে এবং সেই জবাবের কপিও ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের কাছে ই-মেল ও স্পিড পোস্টের মাধ্যমে পাঠানো হয়েছে।

দলের দাবি, কমিশন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে প্রথমে ১০ জুলাই পর্যন্ত সময় দিলেও তিনি নির্ধারিত সময়ে কোনও জবাব জমা দেননি। পরে তাঁর আবেদনের ভিত্তিতে কমিশন ২৫ জুলাই পর্যন্ত অতিরিক্ত সময় বাড়ায়। কিন্তু সেই সময়সীমা পেরিয়ে যাওয়ার পরও তিনি জবাব দেন নি।‌ অন্তত মমতা বন্দ্যোপাধ্যায়কে নির্বাচন কমিশনের পক্ষ থেকে কোনও তথ্য জানানো হয়নি এবং তাঁদের কাছে কোনও কপি পৌঁছায়নি।

চিঠিতে আরও বলা হয়েছে, বারবার সময় বৃদ্ধি করার ফলে অভিযোগকারীরা নতুন করে প্রমাণ তৈরি করার সুযোগ পেতে পারেন, বা মিথ্যা প্রমাণ জোগাড় করতে পারেন। যা তদন্তের নিরপেক্ষতাকে প্রশ্নের মুখে ফেলতে পারে।

মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি, আর কোনও সময় না বাড়িয়ে দ্রুত তদন্ত শেষ করে সিদ্ধান্ত নেওয়া হোক।‌