নিউজ ডেস্ক: খাই-খাই করে সাসপেন্ড পুলিশ কনস্টেবল। পুলিশ পেশার সঙ্গে ‘খাওয়া’র একটা সম্পর্ক যেন ছায়ার মতো পিছু লেগে থাকে। খাঁকি উর্দি দেখলেই কিছু মানুষের মনে ভেসে ওঠে ‘ঘুষ খাওয়া’র একাধিক উদাহরণ। এবার যে অভিযোগে তা ঘুষের নয়। দিনের পর দিন বিনামূল্যে ব্যবসায়ীদের থেকে খাবার খেয়ে টাকা না দেওয়ার অভিযোগ পুলিশ কনস্টেবলের বিরুদ্ধে। ভাব এমন, যেন পুলিশ হলেই ফ্রি-তে খেতে দিতে হবে। বকেয়া চাইলে ব্যবসায়ীকে ধমকি দিতেন ওই অভিযুক্ত পুলিশ কর্মী। সম্প্রতি একটি ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন দিনের পর দিন নাজেহাল হওয়া ফুটপাথের ওই ব্যবসায়ী। এরপরই কোপ পড়ে অভিযুক্ত পুলিশ কনস্টেবলের উপর।
মধ্যপ্রদেশের কানপুরে ফুটপাথে ফুচকার দোকান রয়েছে তাঁর। বালাজি মেডিক্যালের সংলগ্ন এই ফুচকাওয়ালার কাছে দিনের পর দিন ফুচকা খেয়ে টাকা না দিয়েই চলে যায় পুলিশ কনস্টেবল সুরেশ কুমার। টাকা চাইলে হুমকির সুরে বলত, ‘আমার থেকে টাকা চাইছো’। পাশের একটি বিশেষভাবে সক্ষম আইসক্রিম বিক্রেতার থেকেও টাকা না দিয়েই আইসক্রিম খেয়েছে দিনেরপর দিন।
পুলিশ কর্মী সুরেশ কুমারের ব্যবহারে বিরক্ত হয়ে স্থানীয় আদর্শ ব্যাপার মণ্ডল কর্তৃপক্ষ একটি ভিডিও করেন পুলিশ কর্মীর। তখন তিনি আইসক্রিম খাচ্ছিলেন।
এই ভিডিও প্রকাশ্যে আসতেই সুরেশ কুমারকে সাসপেন্ড করার কথা জানিয়েছেন কানপুরের পুলিশ কমিশনার। অভিযুক্তের বিরুদ্ধে তদন্ত শুরু করা হয়েছে। অভিযোগ প্রমাণে কঠোর ব্যবস্থার আশ্বাস পুলিশ কর্তার।