সোনারপুরে অভিষেকের উপর হামলায় ৫ অভিযুক্তের জামিন

20

পৃথা দাশগুপ্ত, কলকাতা: শনিবার সোনারপুরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর হামলার অভিযোগ ওঠে। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে লক্ষ্য করে ডিম ছোড়া হয় বলে অভিযোগ। সেই ঘটনায় পাঁচজনকে গ্রেফতার করেছিল পুলিশ। আজ তাঁদের জামিন মঞ্জুর করল বারুইপুর মহকুমা আদালত। ঘটনার দু’দিন পরেই ধৃতরা জামিন পেয়ে গেলেন।

শনিবার সোনারপুরে ভোট পরবর্তী হিংসায় নিহত তৃণমূল কর্মী সঞ্জু কর্মকারের বাড়ি যান‌ তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। তবে সোনারপুর এলাকায় সেই বাড়িতে পৌঁছোনোর আগেই তাঁকে লক্ষ্য করে ইট-পাটকেল, জুতো এবং ডিম ছোড়া হয়। চোর চোর স্লোগানে ভরে যায় এলাকা। ক্রমে পরিস্থিতি জটিল হয়। শেষ পর্যন্ত সঞ্জু কর্মকারের বাড়ি থেকে পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনীর সাহায্যে ওই এলাকা ছাড়তে সক্ষম হন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

ওই ঘটনায় স্বতঃপ্রণোদিত মামলা রুজু করেছিল পুলিশ। কয়েক ঘণ্টার মধ্যে গ্রেফতার করা হয় মোট পাঁচজনকে। ধৃতদের নাম আকাশ গায়েন, কাজল দাস, দেবাশিস দত্ত, তপন মাইতি এবং নির্মাল্য সেনগুপ্ত। আঘাত করা, বেআইনি ভাবে জমায়েত, পথ আটকানোর অভিযোগে তাঁদের বিরুদ্ধে মামলা রুজু হয়। ধৃতরা প্রত্যেকেই রাজপুর-সোনারপুর পুরসভার ৯ নম্বর ওয়ার্ডে থাকেন। কিন্তু ঘটনার ঘনঘটার মধ্যেও মাত্র ৪৮ ঘন্টার ব্যবধানে জামিন পেয়ে গেলেন ধৃত ৫।