মেসি কাণ্ডে অরূপ বিশ্বাসের বিরুদ্ধে FIR

21,187

পৃথা দাশগুপ্ত, কলকাতা: মেসি কাণ্ডে এবার বড় পদক্ষেপ কলকাতা পুলিশের। প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের বিরুদ্ধে FIR। গত ডিসেম্বরে যুবভারতী স্টেডিয়াম ভাঙচুরের ঘটনায় FIR করল বিধাননগর দক্ষিণ থানা। আয়োজক স্বতন্ত্র দত্ত অভিযোগের ভিত্তিতে এই পদক্ষেপ।

প্রাক্তন ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাসের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহতির ৩(৫)/ ৩০৮ (২)/ ৩১৮(৪)/ ৩৫১(২)/ ৬১(২) ধারা অর্থাৎ টিকিটে কালোবাজারি, চাঁদাবাজি, অপরাধমূলক ভীতি প্রদর্শন, প্রতারণা সহ একাধিক অভিযোগ আনা হয়েছে। রাজ্যের প্রাক্তন মন্ত্রীকে যে কোন‌ও দিন বিধাননগর কমিশনারেট তলব করা হতে পারে।

অভিযোগকারীর অভিযোগ, মেসি ইভেন্টের জন্য প্রায় ২২ হাজার টিকিট কালোবাজারি করেছেন প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাস। সেই অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে বিধাননগর দক্ষিণ থানার পুলিশ।

প্রসঙ্গত, রাজ্যের নতুন ক্রীড়ামন্ত্রী নিশীথ প্রামাণিক দায়িত্বভার নিয়ে মেসি কাণ্ডে ফাইল খুলবেন আগেই জানিয়েছিলেন। সেই ঘটনায় শতদ্রু দত্তর এই অভিযোগ অত্যন্ত তাৎপর্যপূর্ণ।

অরূপ বিশ্বাসের বিরুদ্ধে এফআইআর দায়ের হতেই সোশ্যাল মিডিয়ায় FIR কপি শেয়ার করে শতদ্রু দত্ত লিখেছেন ‘সত্যমেব জয়তে’। সঙ্গে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে‌ও ধন্যবাদ জানিয়েছেন তিনি।‌