গ্রেফতার চুঁচুড়ার প্রাক্তন বিধায়ক অসিত মজুমদার

29

নিউজ ডেস্ক : চুঁচুড়ায় গ্রেফতার অসিত মজুমদার। পুলিশকে ধাক্কাধাক্কির অভিযোগে গ্রেফতার হলেন প্রাক্তন তৃণমূল বিধায়ক। পাকড়াও চুঁচুড়া পুরসভার চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, কাউন্সিলর সহ দশ তৃণমূল নেতা-কর্মী।

শনিবার সোনারপুরে নিহত দলের কর্মীর বাড়িতে যাওয়ার পথে আক্রান্ত হন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এরপরই বিক্ষোভের আগুন জ্বলে বিভিন্ন এলাকায়। পথে নামেন তৃণমূলের নেতা কর্মীরা। শনিবার হুগলির পিপুলপাতিতে পথ অবরোধে বসেন চুঁচুড়ার প্রাক্তন বিধায়ক অসিত মজুমদার সহ তৃণমূলের নেতা-কর্মীরা। অবরোধ ওঠাতে গেলে পুলিশের সঙ্গে কথা কাটাকাটি হয় বিক্ষোভকারীদের। সেই ঘটনার জেরেই গ্রেফতার করা হয়েছে অসিত মজুমদারকে।

আন্দোলনকারীদের বিরুদ্ধে মূলত তিনটি গুরুতর অভিযোগ উঠেছে:রাস্তা অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন, কর্তব্যরত পুলিশের কাজে বাধা দেওয়া, পুলিশ কর্মীদের ধাক্কা।

চন্দননগর পুলিশ কমিশনারেট সূত্রে খবর, আইনশৃঙ্খলা পরিস্থিতি বিঘ্নিত করার অভিযোগ এবং সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগগুলি খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার সঙ্গে কারা যুক্ত ছিলেন এবং অবরোধ চলাকালীন ঠিক কী পরিস্থিতি তৈরি হয়েছিল, তা তদন্ত করে দেখা হচ্ছে।