ফিল্মি কায়দায় অভিযান, কাটিগড়ায় বিপুল পরিমাণ মাদক বাজেয়াপ্ত

8

প্রদীপ্ত পুরকায়স্থ, কাটিগড়া: ড্রাগস পাচারকারীদের বিরুদ্ধে পুলিশের অভিযান। কার্যত ফিল্মি কায়দায় ড্রাগস পাচারকারীদের পিছু ধাওয়া গুমড়া পুলিশের। বাজেয়াপ্ত কয়েক লক্ষ টাকার মাদক।

শনিবার রাত আটটা নাগাদ কালাইন থেকে গুমড়া অভিমুখে আসছিল ML-05-AA-0907 নম্বরের একটি গাড়ি। গোপন সূত্রে খবর পেয়ে ওই গাড়ির পিছু ধাওয়া করেন গুমড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ প্রণব মিলি। পুলিশের ধাওয়া টের পেয়ে গাড়ির গতিবেগ বাড়িয়ে দেয় ড্রাগস পাচারকারীরা। আর তখনই ঘটে দুর্ঘটনা। কালাইন অভিমুখে আসা একটি অটোয় সজোরে ধাক্কা মারে ড্রাগস পাচারকারীর গাড়ি। এই ঘটনায় গুরুতরভাবে আহত হন তিন যাত্রী। পুলিশ আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। এদিকে, দুর্ঘটনার পর ড্রাগস পাচারকারীরা গাড়ি রেখে পালিয়ে যায়। পুলিশ গাড়িতে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণে ড্রাগস উদ্ধার করে। বাজেয়াপ্ত ড্রাগসের বাজার মূল্য বেশ কয়েক লক্ষ টাকা। তবে এখন পর্যন্ত ড্রাগস পাচারকারীদের গ্রেফতার করতে পারেনি পুলিশ।