অরুণোদয়ে একবারে ১০ হাজার টাকা দেওয়ার ভাবনা সরকারের

35

নিউজ ডেস্ক: অরুণোদয় সুবিধাভোগীদের জরুরি ভিত্তিতে একবারে ১০ হাজার টাকা দেওয়ার কথা ভাবনাচিন্তা করছে অসম সরকার, জানিয়েছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। এটা জরুরি অ্যাডভান্স হিসেবে বিবেচনা করা হবে।
এই প্রস্তাবিত সুবিধার উদ্দেশ্য মহিলাদের জরুরি আর্থিক সমস্যা পূরণ। একবারে ১০ হাজার টাকা কাউকে দেওয়া হলে সেটা পরবর্তী অরুণোদয়ের সুবিধা থেকে মাসে মাসে অল্প পরিমাণে কেটে রাখা হবে, জানিয়েছেন হিমন্ত। তাঁর কথায়, সরকার এই প্রস্তাব নিয়ে বিবেচনা করছে।
বিধানসভা নির্বাচনের জন্য গত চার মাস অরুণোদয় প্রকল্পের সুবিধা দেওয়া বন্ধ ছিল। এপ্রিল মাসে, নির্বাচনের আগে একবারে ৯ হাজার টাকা করে দেওয়া হয়েছিল অরুণোদয় সুবিধাভোগীদের। হিমন্ত বিশ্ব শর্মা বলেছেন, এই প্রকল্পে সুবিধা পাচ্ছে অসমের ৩৭ লক্ষ মহিলা।
অরুণোদয়ের সুবিধাভোগীদের আধার লিংক ব্যাংক অ্যাকাউন্ট জরুরি। এর ফলে প্রতারণা বন্ধ হবে এবং নিশ্চিত করা যাবে যে প্রকৃত মহিলাই সুবিধা পাচ্ছেন, বলেন হিমন্ত। এইসঙ্গে মুখ্যমন্ত্রী জানান, ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার লিংক করা হয়নি বলে প্রায় ১৭ হাজার সুবিধাভোগীর অরুণোদয় পেতে দেরি হতে পারে।
অসমের ভয়াবহ বন্যার দিকে নজর রেখে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত চার জেলার মহিলাদের অরুণোদয় প্রকল্পে অতিরিক্ত ২৫০০ টাকা দেওয়ার কথা ঘোষণা করেছে সরকার। এই চারটি জেলা হল চরাইদেও, শিবসাগর, গোলাঘাট ও যোরহাট। হিমন্ত বিশ্ব শর্মা জানিয়েছেন, অসমের ৩৬ লক্ষ মহিলা বন্যাত্রাণে দেবেন ১৫০ টাকা করে।