মণিপুরে বিপুল অস্ত্র ও বারুদ উদ্ধার

29

নিউজ ডেস্ক: মণিপুরের কাংপোকপি জেলার জে সংটুন গ্রাম থেকে বিপুল অস্ত্র ও বারুদ উদ্ধার। রবিবার ও সোমবার হিংসাবিধ্বস্ত কাংপোকপি জেলায় মণিপুর পুলিশের সঙ্গে যৌথ অভিযান চালায় সিরিআরপিএফ, আরএফ এবং কোব্রা বাহিনী। দুটি দেশী ১২-বোরের বন্দুক এবং এ ছাড়া অন্য নির্মাতার বিভিন্ন সিরিয়াল ও লাইসেন্সের ১৪টি ১২-বোরের বন্দুক উদ্ধার করা হয়েছে।
ব্যাপক তল্লাশি অভিযানে উদ্ধার করা হয়েছে ১২২৫ রাউন্ড ১২-বোরের গুলি, ছয়টি ওয়ারলেস সেটের সঙ্গে তিনটি চার্জার, একটি গোল্ডেন অ্যান্টলার টেলিস্কোপ, ১৮ বিপি ভেস্ট এবং একটি পাউচ।
তল্লাশি অভিযানের বিরুদ্ধে কাংপোকপি জেলার বিভিন্ন জায়গায় বিক্ষোভ শুরু হয়েছে। বিশেষ করে মহিলারা বিক্ষোভ করেছেন। রাস্তা অবরোধ, পুলিশের গাড়িতে পাথর বৃষ্টির পাশাপাশি তাঁদের দাবি বাজেয়াপ্ত অস্ত্র ও বারুদ ফিরিয়ে দিতে হবে। রবিবার মোইদানংপোক ম্যানিং লেইকাই থেকে গ্রেফতার করা হয়েছে ২৬ বছরের এক ব্যক্তিকে। তিনি পশ্চিম ইম্ফলের বাসিন্দা। ধৃতের কাছ থেকে ম্যাগাজিন সহ একটি পিস্তল এবং চার রাউন্ড কার্তুজ পাওয়া গেছে।
সোমবার গভীর রাতে পূর্ব ইম্ফল জেলার সাগোলমাং থানার অধীনে সিনাম কোম গ্রামে যৌথ তল্লাশি অভিযান চালায় আসাম রাইফেলস, সিডিও এবং মণিপুর পুলিশ। এই অভিযানে উদ্ধার হয়েছে একটি এসএলআর রাইফেল ও ম্যাগাজিন, একটি ইনস্যাস রাইফেল ও দুটি ম্যাগাজিন এবং একটি পিস্তল সহ ম্যাগাজিন। এ ছাড়া উদ্ধার হয়েছে একটি পম্পি বন্দুক, দেশী বন্দুক এবং দুটি সিঙ্গল-ব্যারেল বন্দুক। এইসঙ্গে নিরাপত্তা বাহিনী উদ্ধার করেছে তিনটি হ্যান্ড গ্রেনেড, একটি মর্টার শেল, ৪৫ রাউন্ড তাজা কার্তুজ, আটটি বিপি জ্যাকেট।