জিটিএ ৫ ও ৬-এর মাঝে ভারতের অগ্রগতি: প্রধানমন্ত্রী

37

নিউজ ডেস্ক:‘গ্র্যান্ড থেফট অটো ৬’ আসার অপেক্ষায় থাকা গেমাররা যখন দীর্ঘ ১৩ বছরের অপেক্ষার অবসান নিয়ে উচ্ছ্বসিত, তখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই গেমিং ট্রেন্ডকে কাজে লাগিয়ে ভারতের রূপান্তরের এক নতুন বয়ান তুলে ধরলেন। তিনি জিটিএ ৫ এবং জিটিএ ৬-এর মধ্যবর্তী সময়কালকে ভারতের অগ্রগতির সময়রেখা হিসেবে উপস্থাপন করেছেন।
সমাজমাধঅযমে প্রধানমন্ত্রী মোদী ২০১৩ সালে ‘জিটিএ ৫’ বাজারে আসার পর থেকে ভারতের অর্জিত বিভিন্ন সাফল্যের তালিকা তুলে ধরেন। এর মধ্যে রয়েছে আর্থিক বৃদ্ধি, দারিদ্র্য দূরীকরণ, ইউপিআই -এর মাধ্যমে ডিজিটাল পেমেন্ট ব্যবস্থার প্রসার, মহাকাশ গবেষণায় সাফল্য এবং নকশালমুক্ত ভারত গড়ার মতো বিষয়গুলো।
ইতিহাসের অন্যতম প্রতীক্ষিত ভিডিও গেম ‘জিটিএ ৬’ মুক্তি পাওয়ার যে উন্মাদনা তৈরি হয়েছে, তাকেই কেন্দ্র করে প্রধানমন্ত্রী পোস্ট করেছেন। গেমটি বৃহস্পতিবার মধ্যরাতে মুক্তি পেয়েছে।
গেমাররা যখন ‘ভাইস সিটি’-র কাল্পনিক জগতে ফিরে যাওয়ার জন্য এক দশকেরও বেশি সময় ধরে অপেক্ষা করছিলেন, সেই ১৩ বছরের সময়কালকেই প্রধানমন্ত্রী মোদী তাঁর সরকারের আমলে (২০১৪ সাল থেকে) ভারতের বিভিন্ন ক্ষেত্রে অগ্রগতির উদাহরণ হিসেবে তুলে ধরেছেন।
প্রধানমন্ত্রী যেসব পরিবর্তনের কথা উল্লেখ করেছেন তার মধ্যে রয়েছে— ভারতের অর্থনীতি ‘ফ্র্যাজাইল ফাইভ’ বা ভঙ্গুর অর্থনীতির তালিকা থেকে বেরিয়ে এসে বিশ্বের অন্যতম বৃহত্তম অর্থনীতিতে পরিণত হওয়া, আর্থিক অন্তর্ভুক্তির প্রসার, ‘সফল’ স্বচ্ছতা অভিযান, অত্যন্ত সস্তা ইন্টারনেট পরিষেবা এবং দেশের ক্রমবর্ধমান প্রযুক্তিগত সক্ষমতা।
১৯ নভেম্বর মুক্তি পেয়েছে জিটিএ ৬। এর মাধ্যমে ফ্র্যাঞ্চাইজের ইতিহাসে দুটি প্রধান সংস্করণের মধ্যবর্তী দীর্ঘতম বিরতির অবসান ঘটল। এর আগের সংস্করণ, জিটিএ ৫ মুক্তি পেয়েছিল ২০১৩ সালের সেপ্টেম্বরে।
প্রধানমন্ত্রীর ভিডিয়ো গেমের পোস্ট নিয়ে সমালোচনা করেছেন কংগ্রেসের রাজ্যসভা সাংসদ জয়রাম রমেশ। তিনি বলেছেন, যুব সম্প্রদায়ের মন জিততে এখন প্রধানমন্ত্রীকে ভিডিয়ো গেম নিয়ে পোস্ট করতে হচ্ছে। যে গেমে দুজন অপরাধী রয়েছে। সেবিষয়ে প্রধানমন্ত্রী কী বলবেন, প্রশ্ন জয়রাম রমেশের।
ম্যানিলায় আসিয়ান সম্মেলন সেরে বুধবার রাতে দল এবং মন্ত্রিসভার ঘনিষ্ঠ সহযোগীদের সঙ্গে বৈঠক করেন নরেন্দ্র মোদী। বৈঠকে ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিজেপি সভাপতি নীতিন নবীন এবং সাধারণ সম্পাদক (সংগঠন) বিএল সন্তোষ। বৈঠকে মাদক নির্মূলে জোর দেন প্রধানমন্ত্রী।