আমেরিকায় বিশ্বকাপে খেলবে ইরান, কিন্তু থাকবে কোথায়?

37

নিউজ ডেস্ক: ২০২৬ ফিফা ফুটবল বিশ্বকাপে ইরানের অংশগ্রহণ নিশ্চিত হওয়া এবং এর পিছনে ঘটে যাওয়া সাম্প্রতিক রাজনৈতিক ও কূটনৈতিক জটিলতার অবসানই এখন ক্রীড়া বিশ্বের অন্যতম আলোচিত ঘটনা। দীর্ঘ অনিশ্চয়তা এবং আয়োজক দেশ যুক্তরাষ্ট্রের সঙ্গে রাজনৈতিক ভূ-রাজনৈতিক বৈরিতার কারণে তৈরি হওয়া জট কেটে অবশেষে মাঠে নামছে ‘টিম মেলি’। ১১ জুন থেকে উত্তর আমেরিকায় ২০২৬ ফিফা বিশ্বকাপে অংশ নিচ্ছে ইরান ফুটবল দল। মাঠের লড়াইয়ের চেয়ে মাঠের বাইরের ভূ-রাজনৈতিক মারপ্যাঁচের কারণে এবারের বিশ্বকাপে ইরানের অংশগ্রহণ বিশ্ব ক্রীড়ামোদীদের আগ্রহের কেন্দ্রে রয়েছে।

১. যেভাবে কাটল বয়কট ও প্রত্যাহারের গুঞ্জন

চলতি বছরের মার্চ মাসে ইরানের ক্রীড়া মন্ত্রণালয় এবং ফুটবল ফেডারেশন থেকে এক প্রকার ঘোষণা দেওয়া হয়েছিল যে, রাজনৈতিক বৈরিতার কারণে তারা যুক্তরাষ্ট্রে খেলতে যাবে না। ট্রাম্প প্রশাসনের কড়া ইমিগ্রেশন নীতি এবং ইরানের উপর মার্কিন নিষেধাজ্ঞার কারণে ইরানি খেলোয়াড় ও কর্মকর্তাদের ভিসা পাওয়া নিয়ে চরম জটিলতা তৈরি হয়। এমনকি ইতালির মতো কোনও দেশকে ইরানের জায়গায় স্থলাভিষিক্ত করার দাবিও উঠেছিল। তবে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর মধ্যস্থতা এবং মার্কিন প্রশাসনের সবুজ সংকেতের পর মে মাসের শুরুতে ইরান আনুষ্ঠানিকভাবে জানায়, তারা বিশ্বকাপ বয়কট করছে না।

২. ইরানের ১০টি শর্ত ও ফিফার আশ্বাস

মে মাসের মাঝামাঝি সময়ে ইরান ফুটবল ফেডারেশন বিশ্বকাপে খেলার চূড়ান্ত সম্মতি দেওয়ার পাশাপাশি ফিফা ও আয়োজকদের কাছে ১০টি শর্ত জুড়ে দেয়। শর্তগুলোর মধ্যে প্রধান ছিল-

  • ইরানি খেলোয়াড়, কোচ ও অফিশিয়ালদের পূর্ণ নিরাপত্তা দিতে হবে।
  • কোনও ধরনের রাজনৈতিক হেনস্থা করা যাবে না এবং পূর্ণ সম্মান বজায় রাখতে হবে।
  • ভিসা প্রক্রিয়া দ্রুত ও বাধাহীন করতে হবে।

জানা গিয়েছে ইরানের ফুটবল ফেডারেশনের সঙ্গে বৈঠকে সবকটি শর্ত মেনে নেওয়ার আশ্বাস দিয়েছে ফিফা।

৩.বেস ক্যাম্প আমেরিকা থেকে মেক্সিকোতে স্থানান্তর

আমেরিকার মাটিতে রাত কাটাতে বা সেখানে দীর্ঘ সময় অবস্থান করতে ইরান ফুটবল দল স্বাচ্ছন্দ্যবোধ করছিল না। এই কূটনৈতিক জটিলতা এড়াতে ইরান বেশ তাৎপর্যপূর্ণ সিদ্ধান্ত নেয়। ফিফার অনুমোদন নিয়ে তারা তাদের প্রস্তুতির বেস ক্যাম্প আমেরিকার অ্যারিজোনা থেকে সরিয়ে মেক্সিকোর সীমান্ত শহর টিজুয়ানায় স্থানান্তরিত করেছে। মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লদিয়া শিনবাউম এই সিদ্ধান্তের সত্যতা স্বীকার করে জানিয়েছেন, আমেরিকার আপত্তির কারণে ইরানের সমস্যা হয়েছিল। মেক্সিকো সানন্দে ইরান দলকে আতিথেয়তা দিতে রাজি হয়েছে। টিজুয়ানা শহরটি লস অ্যাঞ্জেলেসের খুব কাছে হওয়ায় ইরান দল মেক্সিকোতেই করবে এবং ম্যাচের দিন ফ্লাইটে আমেরিকাতে গিয়ে খেলবে।

৪. মাঠের প্রস্তুতি ও বর্তমান অবস্থা

বর্তমানে ইরান দল তুরস্কের আনতালিয়াতে প্রাথমিক ট্রেইনিং ক্যাম্প শেষ করে মার্কিন ভিসার প্রক্রিয়া সম্পন্ন করছে। মাঠের প্রস্তুতিতেও দুর্দান্ত ফর্মে রয়েছে তারা। গতকাল ২৯ মে ২০২৬ তারিখে অনুষ্ঠিত একটি ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ইরান ৩-১ গোলে গাম্বিয়াকে পরাজিত করেছে, যেখানে দলের তারকা ফরোয়ার্ড মেহেদি তারেমি গোল করে নিজেদের শক্তির জানান দিয়েছেন। কোচ আমির গ্যালেনোই-এর অধীনে টিম মেলি এবার গ্রুপ পর্বের বাধা টপকে নকআউট পর্বে যাওয়ার লক্ষ্য নিয়ে মাঠে নামবে।