ফুটবল বিশ্বকাপের নজর কাড়বেন কারা?

178,394

নিউজ ডেস্ক: ২০২৬ ফিফা বিশ্বকাপে বিশ্ব ফুটবলের এক ঝাঁক অভিজ্ঞ ও উদীয়মান তারকা খেলোয়াড়দের ওপর থাকবে মূল স্পটলাইট। আমেরিকা, কানাডা ও মেক্সিকোর যৌথ আয়োজনে অনুষ্ঠিতব্য এই মহাযজ্ঞে যেমন দেখা যাবে প্রবীণ কিংবদন্তিদের শেষ লড়াই, তেমনই বিশ্বমঞ্চে আলো ছড়াতে প্রস্তুত তরুণ তুর্কিরা। এবারের আসরে বিশেষ নজর কাড়বেন কয়েকজন শীর্ষ তারকা ।

১. লিওনেল মেসি (আর্জেন্টিনা) : বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার অধিনায়ক ও ফুটবল ইতিহাসের অন্যতম সেরা জাদুকর। ৩৯ বছর বয়সী এই তারকা নিজের ষষ্ঠ বিশ্বকাপ খেলতে নামছেন। আক্রমণভাগে ড্রিবলিং, নিখুঁত পাসিং ও ফ্রি-কিকের জাদু দিয়ে লা আলবিসেলেস্তেদের মুকুট ধরে রাখার প্রধান দায়িত্ব থাকবে তাঁর কাঁধেই।

২. ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (পর্তুগাল) : আন্তর্জাতিক ফুটবলের সর্বোচ্চ গোলদাতা ক্রিশ্চিয়ানো রোনালদো ৪১ বছর বয়সে পা রাখছেন নিজের ষষ্ঠ ফুটবল বিশ্বকাপে। পর্তুগাল দলের এই মহাতারকার অবিশ্বাস্য ফিটনেস এবং গোল করার চিতা বাঘের মতো গতি এখনো প্রতিপক্ষের ডিফেন্সের জন্য বড় ত্রাস। ফুটবল ক্যারিয়ারের একমাত্র অপূর্ণতা ‘বিশ্বকাপ ট্রফি’ ছুঁয়ে দেখতে মরিয়া সিআরসেভেন।

৩. কিলিয়ান এমবাপ্পে (ফ্রান্স): ফ্রান্সের অধিনায়ক ও বর্তমান ফুটবলের অন্যতম দ্রুতগতির ফরোয়ার্ড এমবাপ্পে। ৪ বছর আগে কাতার বিশ্বকাপের ফাইনালে হ্যাটট্রিক করা এই তারকা ক্যারিয়ারের সেরা ফর্মে রয়েছেন। গতি, ড্রিবলিং ও নিখুঁত ফিনিশিংয়ের শক্তিতে ফরাসিদের আবারও বিশ্বসেরা করার ট্রাম্পকার্ড তিনি।

৪. ভিনিসিয়াস জুনিয়র (ব্রাজিল): নেইমারের পাশাপাশি সেলেসাওদের আক্রমণভাগের মূল কান্ডারি এখন ভিনিসিয়াস জুনিয়র। স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদের হয়ে ইউরোপ কাঁপানো এই উইঙ্গার তাঁর ক্ষিপ্র গতি এবং বাঁ-প্রান্ত দিয়ে রক্ষণভাগ ভেঙে চুরমার করার দক্ষতার জন্য পরিচিত। ব্রাজিলের হেক্সা মিশন পূরণে তাঁর ফর্ম অত্যন্ত গুরুত্বপূর্ণ।

৫. লামি ইয়ামাল (স্পেন): বর্তমান বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় বিস্ময়বালক হলেন স্পেনের ১৮ বছর বয়সী উইঙ্গার লামি ইয়ামাল। ২০২৪ ইউরো চ্যাম্পিয়নশিপে নজরকাড়া পারফরম্যান্সের পর এটাই তাঁর প্রথম বিশ্বকাপ। ডানপ্রান্ত থেকে বল কেটে ভেতরে ঢোকার দুর্দান্ত ক্ষমতার কারণে অনেকেই এখনই তাঁকে কিংবদন্তি মেসির উত্তরসূরি ভাবছেন।

৬. আর্লিং হালান্ড (নরওয়ে): ম্যানচেস্টার সিটির হয়ে রেকর্ডের পর রেকর্ড গড়া গোলমেশিন আর্লিং হালান্ড এবারই প্রথম কোনো বড় আন্তর্জাতিক টুর্নামেন্টে অংশ নিচ্ছেন। বক্সের মধ্যে বল পেলেই জালে জড়াতে সিদ্ধহস্ত এই ২৫ বছর বয়সী স্ট্রাইকার টুর্নামেন্টের গোল্ডেন বুটের অন্যতম বড় দাবিদার।

৭. জুড বেলিংহাম (ইংল্যান্ড): ইংল্যান্ডের মাঝমাঠের মূল চালিকাশক্তি ২২ বছর বয়সী জুড বেলিংহাম। একজন কমপ্লিট মিডফিল্ডার হিসেবে তিনি যেমন খেলা নিয়ন্ত্রণ করতে পারেন, তেমনই সঠিক সময়ে বক্সে পৌঁছে গোল করতে ও করাতে দক্ষ। থ্রি লায়নসদের ৬০ বছরের শিরোপার খরা কাটানোর বড় ভরসা তিনি।