এনকাউন্টারে নিহত বিলাস হোটেল হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত

20

নিউজ ডেস্ক: গুয়াহাটির ‘বিলাস ইন’ হোটেলে গুলিবর্ষণে পাঁচজন নিহতের ঘটনায় মূল অভিযুক্ত ঘনকান্ত গগৈ বুধবার, ৪ নভেম্বর, ভোররাতে শিবসাগর জেলায় পুলিশের গুলিতে নিহত। পুলিশের দাবি, ঘনকান্ত পালানোর চেষ্টা করেছিলেন বলে গুলি করতে হয় পুলিশকে।
ঘটনাটি ঘটে ভোর ৩টা ১০ মিনিটের দিকে, গৌরীসাগর থানা এলাকার ফুলপানিসিগা নামক স্থানে রংমন ধাবার কাছে। শিবসাগর থানায় পুরনো একটি মামলার তদন্তের প্রয়োজনে শিবসাগর পুলিশের একটি দল ঘনকান্ত গগৈকে গুয়াহাটি থেকে নিয়ে আসছিল।
শিবসাগরের এসএসপি পাপড়ি চেতিয়া জানান, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের ঋণ জালিয়াতির একটি মামলায় ঘনকান্ত গগৈ অভিযুক্ত, এই তথ্য সামনে আসার পর মঙ্গলবার রাতে পুলিশ গুয়াহাটি কারাগার থেকে ঘনকান্তকে নিয়ে আসছিল শিবসাগরে।
পাপড়ি চেতিয়ার ভাষ্যমতে, ঘনকান্ত গগৈ জাল নথিপত্র জমা দিয়ে একটি এক্সকাভেটর খননযন্ত্র কেনার জন্য ঋণ নিয়েছিলেন। পরে ব্যাংক নথিপত্র যাচাই-বাছাই করে তাঁর বিরুদ্ধে মামলা দায়ের করে। পুলিশের তথ্য অনুযায়ী, গগৈয়ের বিরুদ্ধে মোট ছয়টি মামলা রয়েছে।
এসএসপি জানান, আগ্নেয়াস্ত্র ব্যবহারে প্রশিক্ষণপ্রাপ্ত ঘনকান্ত পুলিশকে বলেছিলেন যে, তিনি তাদের গৌরীসাগরে নিয়ে গিয়ে অস্ত্র উদ্ধার করে দেবেন। রাস্তায় তিনি পালানোর চেষ্টা করেন এবং এক পুলিশের সার্ভিস রিভলভার কেড়ে নেওয়ার চেষ্টা করেন।
পাপড়ি জানান, এরপর ধস্তাধস্তি হয় এবং সেই সময় সরকারি রিভলভার থেকে তিন রাউন্ড গুলি চালানো হয়। এক পুলিশ গুরুতর আহত হন।
শিবসাগর সদর থানার পুলিশ আধিকারিক, যিনি পুলিশ দলের সঙ্গে ছিলেন, তিনি ঘনকান্তকে কাবু করতে ও তাঁকে আটকাতে গুলি চালান। এসএসপি জানান, ঘনকান্ত গুলিবিদ্ধ হন এবং তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন।
পাপড়ি চেতিয়া জানান, গোলাগুলির সময় পুলিশের গাড়িতেও গুলি লাগে। ঘনকান্ত তিন রাউন্ড গুলি করেছিল, তাতে তিন পুলিশ আহত হয়েছে। তিনি আরও বলেন, গুরুতর আহত পুলিশ সদস্য ছাড়াও ধস্তাধস্তির ঘটনায় আরও একজন কর্মকর্তা সামান্য আহত হয়েছেন।
গুয়াহাটির উলুবাড়ি এলাকায় অবস্থিত ‘হোটেল বিলাস ইন’-এ ২৬ অক্টোবর যে গুলির ঘটনা ঘটেছিল, তাতে মূল অভিযুক্ত ছিলেন ঘনকান্ত। ওই ঘটনায় একই পরিবারের চার সদস্যসহ মোট পাঁচজন নিহত হন এবং আরও একজন আহত হন। ঘটনার পরপরই ঘনকান্ত গগৈকে গ্রেফতার করা হয়েছিল।