শিলংয়ে হিংসার জেরে পর্যটনে ব্যাপক ক্ষতি মেঘালয়ের

21

নিউজ ডেস্ক: শিলংয়ে ব্যাপক হিংসার প্রভাব পড়েছে মেঘালয়ের পর্যটন ক্ষেত্রে। মেঘালয়ের পর্যটন মন্ত্রী টিমোথি ডি শিরা বলেছেন, অসম-মেঘালয় সীমান্ত বিতর্কে মেঘালয়ের পর্যটন শিল্পে ১০০ শতাংশ ক্ষতি হয়েছে। অসম থেকে মেঘালয়ে যান চলাচল বন্ধ থাকায় হোটেল, হোমস্টে এবং অন্যান্য পর্যটন কেন্দ্র ঘিরে বিভিন্ন ব্যবসার ব্যাপক ক্ষতি হয়েছে। কোথাও কোনও পর্যটক নেই।
মেঘালয় বিধানসভার অধিবেশন শুরু হয়েছে মঙ্গলবার। বুধবার শিরা বলেন, ১৯ আগস্ট শিলংয়ে হিংসার জেরে মেঘালয়ে পর্যটকদের আগমন সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। সড়ক অবরোধ এবং গাড়ি চলাচলে বাধার ফলে মেঘালয়ের পর্যটন শিল্পে জোর ধাক্কা লেগেছে।

এরপর তিনি বলেন, সমস্যা নিয়ে অসমের মুখ্যমন্ত্রী ও মেঘালয়ের মুখ্যমন্ত্রী কথা বলেছেন। মন্ত্রী পর্যায়ের বৈঠকও হয়েছে। এখন আর দুই রাজ্যের মধ্যে পথ অবরোধ বা যান চলাচলে বাধা সৃষ্টি করার দরকার নেই। এরপর তিনি বার্তা দেন যে অসমের যেসব গাড়ির ক্ষতি হয়েছে শিলংয়ে সেসব গাড়ির মালিককে ক্ষতিপূরণ দেবে মেঘালয় সরকার।

শিরার কথায়, অসম ও মেঘালয় দুই রাজ্য দীর্ঘদিন ধরে শান্তিতে বসবাস করছে। অসমের ট্যাক্সি চালকদের মেঘালয়ে আসতে ও এই রাজ্য থেকে ফিরতে কোনও বাধা দেওয়া হবে না। পাশাপাশি মেঘালয়ের গাড়িও অসমের সর্বত্র অবাধে ঘুরতে পারবে। নতুন করে বিক্ষোভ শুরু হলে দুই রাজ্যের মধ্যে অশান্তি বাড়বে। এই মুহূর্তে সরকারের অগ্রাধিকার শান্তি ফেরানো, পর্যটকদের আস্থা ফেরানো এবং অসম ও মেঘালয়ের মধ্যে মসৃণ যান চলাচলের ব্যবস্থা করা।