পরীক্ষা-সংস্কারের টাস্ক ফোর্সে নন্দন নিলেকানি

3

নিউজ ডেস্ক: ভবিষ্যতে যাতে নিট-এর প্রশ্নফাঁসের মতো না ঘটে, তার জন্য পুরনো টাস্ক ফোর্সে নিয়ে আসা হল নন্দন নিলেকানিকে। আধার কার্ডের প্রযুক্তি-প্রক্রিয়ার মূল ভাবনা প্রাক্তন কংগ্রেসের লোকসভার প্রার্থী। টাস্ক ফোর্সে প্রযুক্তিবিদ, মহাকাশ বিজ্ঞানী, প্রাক্তন গোয়েন্দাও রয়েছেন।
ছয় সদস্যের টাস্ক ফোর্সে নন্দন নিলেকানি সহ আছেন ইসরোর প্রাক্তন চেয়ারম্যান এস সোমনাথ, সদ্য প্রাক্তন ইন্টেলিজেন্স ব্যুরোর প্রধান তপন ডেকা, আইআইটি মাদ্রাজের ডিরেক্টর ভি কামাকোটা, প্রাক্তন সিবিআই প্রধান অনিতা করভল এবং দুঁদে আমলা অমৃতলাল মীনা।
রবিবার সন্ধ্যায় সমাজমাধ্যমে ভিডিয়ো পোস্ট করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, এই টাস্ক ফোর্স পরীক্ষাব্যবস্থায় সংস্কারকে অগ্রাধিকার দেবে। কোথায় সংস্কার প্রয়োজন, তা জানিয়ে সরকারের কাছে দ্রুত প্রস্তাব পাঠাবে। টাস্ক ফোর্সের প্রস্তাব মেনে আগামী পরীক্ষাগুলিতে স্বচ্ছতার বিষয়টি সুনিশ্চিত করবে সরকার।
নিট-আন্দোলনের আবহে এনিয়ে তিনটি ভিডিয়ো পোস্ট করলেন মোদী।

যদিও কোনও ভিডিয়োতেই যন্তর মন্তরে সিজেপি-র বিক্ষোভ, আন্দোলনকারীদের উপর পুলিশি পদক্ষেপ কিংবা শিক্ষামন্ত্রী প্রধানের ইস্তফা নিয়ে কোনও মন্তব্য করেননি তিনি।
টাস্কফোর্স গঠন নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কটাক্ষ করেছেন তৃণমূল রাজ্যসভা সাংসদ সাগরিকা ঘোষ। তিনি বলেছেন, শুধু কমিটির পর কমিটি তৈরি হচ্ছে। প্রধানমন্ত্রী হয়তো ভুলে গেছেন যে ইতিমধ্যে প্রাক্তন ইসরো চেয়ারম্যান কে রাধাকৃষ্ণনের নেতৃত্বে পরীক্ষা সংস্কারের একটি কমিটি রয়েছে। ২০২৪ সালে আরেকটি কমিটি হয়েছে সেই রাধাকৃষ্ণনের নেতৃত্বে। এখন আরও একটি নাম যোগ করা হল। প্রশ্ন রাধাকৃষ্ণন কমিটির প্রস্তাব নিয়ে সরকার কী করেছে? সেগুলো প্রণয়ন করা হয়নি? কমিটি নয়, প্রধানমন্ত্রী দেশের পড়ুয়াদের দরকার দায়িত্বশীলতা।