পৃথা দাশগুপ্ত: খাস কলকাতায় মারাত্মক অভিযোগ। প্রেমের সম্পর্কে আপত্তি থেকে বিবাদের জেরে এক যুবক, তাঁর বন্ধু এবং বাবাকে মারধর করে বিবস্ত্র অবস্থায় এলাকায় ঘোরানোর অভিযোগ । বন্দুক দেখিয়ে ওই যুবকের বাবাকে চাপ দেওয়া হয় ছেলেকে গুলি করার জন্য। এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় সরশুনা থানার পুলিশ।
স্থানীয় সূত্রে খবর, এক যুবক ও যুবতীর মধ্যে একটা সম্পর্ক ছিল। তবে সেই সম্পর্কে আপত্তি ছিল মেয়ের পরিবারের। লক্ষ্মীপুজোর সন্ধেয় বসুন্ধরা পার্ক এলাকায় তাঁরা দেখা করতে এসেছিলেন। তাঁদের ঘনিষ্ঠ অবস্থায় দেখে ফেলেন যুবতীর মামা ও পরিবারের অন্যান্য সদস্যরা।
অভিযোগ, এর পরই যুবক এবং তাঁর এক বন্ধুকে আটকে রেখে মারধর শুরু করেন যুবতীর বাবা ও মামা। এখানেই শেষ, যুবকের বাবাকে ফোন করে ডেকে পাঠিয়ে শুরু হয় অত্যাচার। যুবক, তাঁর বাবা ও বন্ধুকে বিবস্ত্র করে এলাকায় ঘোরানো হয় বলে অভিযোগ। শুধু তাই নয়, বন্দুক দেখিয়ে ভয় দেখানোর পাশাপাশি যুবকের বাবাকে চাপ দেওয়া হয় ছেলেকে গুলি করে মারার জন্য।
চিৎকার শুনে এলাকার বাসিন্দারা ঘটনাস্থলে আসেন। এর পরেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়।
আজ সকালে থানায় অভিযোগ দায়ের করেন যুবকের বাবা। অভিযোগের ভিত্তিতে যুবতীর মামা, বাবা ও মা-কে গ্রেফতার করা হয়েছে।