নিউজ ডেস্ক: দেশজুড়ে তাপপ্রবাহ। উত্তর থেকে মধ্য, ভারতের বিস্তীর্ণ অংশে পারদ ছুঁয়েছে ৪৩ থেকে ৪৭ ডিগ্রি সেলসিয়াস। হাঁসফাঁস গরম থেকে বাঁচতে এবং তীব্র তাপপ্রবাহ নিয়ে এবার মানুষকে সতর্ক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শরীরকে সতেজ রাখার পরামর্শের পাশাপাশি অন্যদের সাহায্যের বার্তাও দেন প্রধানমন্ত্রী।
এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করে প্রধানমন্ত্রী লেখেন, ”ভারতের বিভিন্ন প্রান্তে তাপমাত্রা দিন দিন বাড়ছে। এর ফলে নানা সমস্যার সম্মুখীন হতে হচ্ছে মানুষকে। আমি দেশবাসীর উদ্দেশে বলতে চাই, এই তীব্র দাবদাহ থেকে বাঁচতে যতটা সম্ভব সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করুন। ডিহাইড্রশন থেকে বাঁচতে অতিরিক্ত জল পান করুন। বাইরে বের হলে সঙ্গে অবশ্যই জল রাখুন। অন্যদেরও এক গ্লাস জল এগিয়ে দিন।” দোকান বা বাড়ির বাইরে মাটির কলসিতে জল রাখার মতো মানবিক উদ্যোগের প্রশংসা করেছেন মোদী।
তাপপ্রবাহের জন্য শরীরে বিভিন্ন ধরনের অসুস্থতা হতে পারে। এমনকী, হিটস্ট্রোকেরও ঝুঁকি থাকে। সে কথায় মাথায় রেখে প্রধানমন্ত্রীর পরামর্শ, ”‘অতিরিক্ত ক্লান্তি, মাথা ঘোরা বা বমিভাবের মতো অস্বস্তিকে অবহেলা করবেন না। কেউ অসুস্থ বোধ করলে সঙ্গে সঙ্গে তাঁকে ছায়ায় নিয়ে গিয়ে জল বা ORS দিন।” বিশেষ করে শিশু, বয়স্ক এবং খোলা আকাশের নীচে যে সব শ্রমিকরা কাজ করেন, তাঁদের দিকে বিশেষ নজর দেওয়ার পাশাপাশি বাড়ির ছাদ বা বারান্দায় পশু-পাখিদের জন্য জল রাখার আর্জিও জানিয়েছেন প্রধানমন্ত্রী।
দুপুরের রোদ শরীরের জন্য মারাত্মক। সে বিষয়ে সতর্ক করে প্রধানমন্ত্রীর বার্তা, ”এ সময় যারা বাইরে থাকেন, বিশেষ করে বাড়ির বয়স্কদের খোঁজ নেওয়ার পাশাপাশি তাঁদের যতটা সম্ভব তাঁদের জল খেতে বলুন ও পর্যাপ্ত বিশ্রাম নেওয়ার কথা মনে করিয়ে দিন।”
আবহাওয়া দফতরের সর্বশেষ খবর মতে, উত্তরপ্রদেশ, পাঞ্জাব, হরিয়ানা, দিল্লি ও মধ্যপ্রদেশে আগামী কয়েকদিন তীব্র দাবদাহ থাকবে। ইতিমধ্যেই উত্তরপ্রদেশের বান্দা এবং মহারাষ্ট্রের ব্রহ্মপুরীতে সর্বোচ্চ তাপমাত্রা ৪৭.৬ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে।
বিশেষজ্ঞদের মতে, তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে ৪ থেকে ৭ ডিগ্রি বেশি থাকায় এই পরিস্থিতি তৈরি হয়েছে। তীব্র গরমে ইতিমধ্যেই তেলঙ্গানায় ১৬ জনের মৃত্যুরও খবর মিলেছে। বিদ্যুতের চাহিদা রেকর্ড মাত্রা ছুঁয়েছে। এই পরিস্থিতিতে দেশবাসীর জন্য প্রধানমন্ত্রীর এই মানবিক ও সচেতনতামূলক বার্তা অত্যন্ত প্রাসঙ্গিক বলে মনে করছে ওয়াকিবহাল মহল।