নিউজ ডেস্ক: পরপর কয়েকটি ব্যর্থতার পর ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে ফের বড় পরীক্ষার মুখে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো। আজ গভীর রাতে শ্রীহরিকোটা থেকে উৎক্ষেপণ করা হবে GSLV-F17 রকেট। এই অভিযানে মহাকাশে পাঠানো হবে EOS-05 স্যাটেলাইট।
শ্রীহরিকোটার দ্বিতীয় লঞ্চ প্যাড থেকে রাত ২টা ৫৫ মিনিটে শুরু হবে উৎক্ষেপণ প্রক্রিয়া। নির্দিষ্ট পরিকল্পনা অনুযায়ী রকেটটি স্যাটেলাইটকে প্রায় ৩৬ হাজার কিলোমিটার উচ্চতায় Geostationary কক্ষপথে স্থাপন করবে।
ইসরোর জন্য এই অভিযান গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে সাম্প্রতিক কয়েকটি ধাক্কার কারণে। সংস্থার অন্যতম নির্ভরযোগ্য ‘ওয়ার্কহর্স’ রকেট পিএসএলভি (PSLV)-এর সাম্প্রতিক ব্যর্থতার পর সেটির কার্যক্রম নিয়ে তদন্ত চলছে। সেই পরিস্থিতিতে GSLV-F17-এর সফল উৎক্ষেপণ মহাকাশ গবেষণায় ভারতের আত্মবিশ্বাস ফেরাতে বড় ভূমিকা নিতে পারে।
PSLV এবং GSLV প্রযুক্তিগতভাবে আলাদা রকেট। তাই PSLV-এর সাম্প্রতিক সমস্যার সঙ্গে GSLV-এর সরাসরি সম্পর্ক নেই বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।
GSLV-কে ইসরোর অন্দরে দীর্ঘদিন ধরেই ‘Naughty Boy’ নামে ডাকা হয়। উন্নয়নের শুরুর পর্যায়ে একাধিক সমস্যার মুখে পড়ায় রকেটটির এই ডাকনাম। তবে সময়ের সঙ্গে প্রযুক্তিগত সক্ষমতা বাড়িয়ে GSLV ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ উৎক্ষেপণযানে পরিণত হয়েছে। এর সবচেয়ে বড় শক্তি ক্রায়োজেনিক প্রযুক্তি। একসময় আন্তর্জাতিক বিধিনিষেধের কারণে এই প্রযুক্তি অর্জনের পথে বাধা তৈরি হয়েছিল। পরে দেশীয় প্রযুক্তিতে ক্রায়োজেনিক ইঞ্জিন তৈরি করে সেই চ্যালেঞ্জ মোকাবিলা করে ভারত।
ফলে আজকের উৎক্ষেপণ শুধুমাত্র একটি স্যাটেলাইটকে কক্ষপথে পাঠানোর অভিযান নয়। সাম্প্রতিক ব্যর্থতার পর ইসরোর সক্ষমতা ও নির্ভরযোগ্যতা নিয়ে নতুন করে বিশ্বাস তৈরির পরীক্ষাও এই মিশন।
এখন নজর শ্রীহরিকোটায়। রাতের আকাশে ‘নটি বয়’-এর উড়ান কতটা সফল হয়, তার দিকেই তাকিয়ে গোটা দেশ।