পৃথা দাশগুপ্ত,কলকাতা:বারুইপুরে পুলিশের উপর হামলার ঘটনায় গ্রেফতার আরও ২৬ । নাবালিকার দেহ উদ্ধারের পর গত রবিবার পুলিশের উপর হামলা হয়। সেই সঙ্গে রাস্তা অবরোধ এবং অগ্নিসংযোগ। এই ঘটনায় বুধবারই গ্রেপ্তার করা হয়েছিল ১৮ জনকে। আরো ৮জনকে রাতভর অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়েছে। আটক আরো ১০ জনকে থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ধৃতদের আজ, বারুইপুর মহকুমা আদালতে পেশ করা হবে।
গোলমালের ঘটনায় বুধবার ১৮ জনকে গ্রেফতার করা হয়। তাঁদের নিজেদের হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ চালিয়ে তদন্তকারীরা আরো অভিযুক্তদের সন্ধান পান। বাকি অভিযুক্তদের খোঁজেও রাতভর চলে তল্লাশি। আজ সকাল পর্যন্ত তাতে আরও ২৬ জনকে পাকড়াও করা হয়। গোলমালের ঘটনায় যারা অভিযুক্ত তাদের প্রত্যেককেই আজ আদালতে পেশ করে নিজেদের হেফাজতে চাইবে পুলিশ।
বারুইপুরের নির্যাতিতা নাবালিকার দেহ উদ্ধারের দিন রণক্ষেত্র চেহারা নেয় বারুইপুর। পুলিশকে লক্ষ্য করে হামলা, অগ্নিসংযোগ, গাড়ি ভাঙচুর থেকে শুরু করে রাস্তা অবরোধ করার মত ঘটনাও ঘটে। স্রেফ সন্দেহের বশে এক যুবককে পিটিয়ে খুন করে একদল উত্তেজিত জনতা। রেল অবরোধ, সড়ক অবরোধে ধুন্ধুমার পরিস্থিতি হয় বারুইপুরে। পুলিশ সূত্রে খবর, সমাজমাধ্যমে ওই বিশৃঙ্খলার যে সব ফুটেজ ছড়িয়ে পড়েছিল, সেগুলি খতিয়ে দেখে অভিযুক্তদের চিহ্নিত করা হয়।
বারুইপুর কাণ্ডে অতৃপ্ত আত্মাদের হুঁশিয়ারি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি জানিয়েছিলেন, ভিডিয়ো দেখে ২০০ জনকে শনাক্ত করা হয়েছে। তাঁদের কাউকে ছাড়া হবে না বলে। একই সঙ্গে এই ঘটনায় যাঁরা উস্কানি দিয়েছেন, তাঁদেরও শনাক্ত করা হয়েছে বলে জানান শুভেন্দু অধিকারী। মঙ্গলবার বারুইপুরে গিয়ে মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন নির্যাতিতার দেহ উদ্ধার হওয়ার পরে যে যুবককে সন্দেহভাজন মনে করে পিটিয়ে খুন করা হয়, তিনি নির্দোষ ছিলেন। আজ ধৃত কবীর মোল্লাকেও আদালতে পেশ করা হবে।