পান-গুটখা-ধূমপান নিষিদ্ধ কোর্ট চত্বরে বসবে মেটাল ডিটেক্টরও, নির্দেশ কলকাতা হাইকোর্টের

44

পৃথা দাশগুপ্ত কলকাতা: রাজ্যের সমস্ত আদালত চত্বরে নিষিদ্ধ হবে পান, গুটখা ও সিগারেট। বড় পদক্ষেপের গ্রহণ করতে চলেছে কলকাতা হাইকোর্ট। ইতিমধ্যেই জেলা জজদের চিঠি দেওয়া হয়েছে।

আইনজীবী সায়ন বন্দ্যোপাধ্যায়ের উপর হামলার মামলার শুনানি চলছিল আজ। সেই ঘটনায় এখনও তদন্তের তেমন কোনো অগ্রগতি হয়নি বলে অভিযোগ। এমনকী, অভিযোগ উঠেছে আক্রান্ত আইনজীবীকে ডেকে তাঁর জবানবন্দিও পুলিশ রেকর্ড করেনি।‌এই পরিস্থিতিতে তদন্তের অগ্রগতি সংক্রান্ত রিপোর্ট তলব করেছে আদালত।

এই শুনানির সময়‌ই কোর্ট চত্বরে পান, গুটখা ও সিগারেট বন্ধ করার উদ্যোগের কথা জানান প্রধান বিচারপতি।

তিনি বলেন, এই বিষয়ে ইতিমধ্যেই রাজ্যের সমস্ত জেলা জজকে চিঠি দেওয়া হয়েছে। তবে শুধু পান-গুটখা বা সিগারেট বন্ধ করাই নয়, আদালতের নিরাপত্তা জোরদার করার কথাও ভাবা হচ্ছে।‌
যেমন, রাজ্যের সমস্ত আদালতের এন্ট্রিতে মেটাল ডিটেক্টর বসানোর প্রস্তাব দিয়েছেন প্রধান বিচারপতি। যদিও এই বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। বার কাউন্সিল ও বার অ্যাসোসিয়েশন বিষয়টি নিয়ে বৈঠক করে সিদ্ধান্ত নেবে। সেই সিদ্ধান্ত লিখিতভাবে জানালে তারপর‌ই চূড়ান্ত সিদ্ধান্ত।‌

আগামী ১১ ডিসেম্বর মামলার পরবর্তী শুনানি। ওই দিন রাজ্যকে সায়ন বন্দ্যোপাধ্যায়ের ওপর হামলার তদন্তের অগ্রগতির রিপোর্ট জমা দিতে হবে।