এনআরসির দাবিতে মণিপুরে স্থগিত জনগণনা

15

নিউজ ডেস্ক: জনগণনার আগে এনআরসি করার দাবিতে কয়েকদিন ধরে মণিপুরে তীব্র বিক্ষোভের পর জনগণনা স্থগিত রাখতে বাধ্য হল কেন্দ্রীয় সরকার। আপাতত মণিপুরে জনগণনা স্থগিতের কথা ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার।
মণিপুরের বিজেপি সভাপতি শারদা দেবী জানিয়েছেন যে মানুষের আবেগকে মর্যাদা দিয়ে কেন্দ্রীয় সরকার সিদ্ধান্ত নিয়েছে যে মণিপুরে আপাতত জনগণনা হবে না। মণিপুরের একমাত্র রাজ্যসভা সাংসদ শারদা দেবী বলেন, পর্যায়ভিত্তিক এনআরসির দাবি করেছিলেন মণিপুরের মানুষ। সরকার সেই দাবিকে মর্যাদা দিয়ে জনগণনা স্থগিত রেখেছে।
মণিপুরে জনগণনার কাজ শুরু হওয়ার কথা ছিল এক সেপ্টেম্বর থেকে। ঠিক তার আগের দিন জনগণনা স্থগিতের সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। গত কয়েকদিন ধরে ‘নো এনআরসি নো সেনসাস’ দাবি তুলেছিল মণিপুরের বিভিন্ন মৈতেই এবং নাগা সংগঠন। মৈরাং কলেজে বিক্ষোভ, রবিবার রাতে বিশাল মশাল মিছিল যার অংশ ছিল। মণিপুরের জনবিন্যাস বদল যাচ্ছে বিদেশিদের জন্য, সেজন্য আগে এনআরসি করার দাবি করেছিল বিভিন্ন মৈতেই ও নাগা সংগঠন। পার্শ্ববর্তী মায়ানমার থেকে প্রচুর কুকি-চিন মানুষ ঢুকেছে মণিপুরে, এনআরসি হলে সেটা পরিষ্কার হবে, দাবি মৈতেই সংগঠনের।
মণিপুরের পুলিশমন্ত্রী গোবিন্দদাস কোনথৌজাম মৈতেই ও নাগা সংগঠনগুলিকে আহ্বান জানিয়েছেন যে ৩১ আগস্ট থেকে যে ধর্মঘটের আহ্বান করা হয়েছে সেটা প্রত্যাহার করার।
দিল্লিতে সোমবার মণিপুরের ১৪ সংগঠনের প্রতিনিধি, মুখ্যমন্ত্রী ক্ষেমচান্দ সিংয়ের সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রকের কর্তাদের বৈঠক হয়। তারপরই মণিপুরে জনগণনা স্থগিত রাখার সিদ্ধান্ত।