পৃথা দাশগুপ্ত: ঘূর্ণিঝড় আকভান, এর শক্তি বাড়ছে। বঙ্গোপসাগরে ঘনীভূত হচ্ছে ঘূর্ণিঝড় আকভান। কলকাতা-সহ উপকূলবর্তী জেলাগুলিতে প্রবল বৃষ্টির সম্ভাবনা। আজ সকাল থেকে বৃষ্টি শুরু । শুক্রবার বাড়বে বৃষ্টির পরিমাণ। সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস।
হাওয়া অফিস সূত্রে খবর, আকভান” শুক্রবার দুপুর নাগাদ মাছিলিপত্তনম ও পুরীর মধ্যবর্তী উত্তর অন্ধ্রপ্রদেশ-ইয়ানাম এবং দক্ষিণ ওড়িশা উপকূল অতিক্রম করতে পারে। বাতাসের গতিবেগ থাকবে ঘণ্টায় ৯০–১০০ কিলোমিটার। দমকা হাওয়ার গতিবেগ থাকবে ১১০ কিলোমিটার প্রতি ঘণ্টা পর্যন্ত। ফলে উপকূলীয় অন্ধ্রপ্রদেশ, ইয়ানাম এবং ওড়িশার বাসিন্দাদের সতর্ক থাকতে এবং আবহাওয়া সতর্কতা মেনে চলতে অনুরোধ করা হচ্ছে। ‘আকভান’ গত ৬ ঘণ্টার মধ্যে প্রতি ঘণ্টায় ০৮ কিমি বেগে উত্তর-উত্তরপশ্চিম দিকে এগিয়েছে।এর কেন্দ্রস্থলটি অন্ধ্রপ্রদেশের নরসাপুর থেকে প্রায় ৫৪০ কিমি দক্ষিণ-পূর্বে, তামিলনাড়ুর চেন্নাই থেকে ৫৭০ কিমি পূর্বে, অন্ধ্রপ্রদেশের কলিঙ্গাপত্তনম থেকে ৬০০ কিমি দক্ষিণ-দক্ষিণ-পূর্বে, ওড়িশার গোপালপুর থেকে ৬৯০ কিমি দক্ষিণে এবং ওড়িশার পুরী থেকে ৭৫০ কিমি দক্ষিণে অবস্থিত ছিল।
উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হতে হতে, এটি শুক্রবার দুপুরে তীব্র ঘূর্ণিঝড় রূপে উত্তর অন্ধ্রপ্রদেশ ও ইয়ানাম এবং দক্ষিণ ওড়িশা উপকূল নরসাপুর ও পুরীর মধ্যবর্তী স্থান ঊদিয়ে অতিক্রম করার সম্ভাবনা রয়েছে। কলকাতা, হাওড়া, ছাড়াও দুই ২৪ পরগনা, ২ মেদিনীপুরে ভারী বৃষ্টি। শুক্রবারও কোথাও কোথাও ৩০ থেকে ৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়ার সম্ভাবনা আছে বলে জানিয়েছে হাওয়া অফিস। ঘূর্ণিঝড়ের সম্ভাব্য প্রভাব মোকাবিলায় সতর্ক প্রশাসন। বিশেষ নজরদারি শুরু হয়েছে নামখানা, ফ্রেজারগঞ্জ, বকখালি-সহ জেলার উপকূলবর্তী এলাকাগুলিতে।
আবহাওয়ার এই পরিবর্তনে স্বাভাবিকভাবেই উদ্বেগ বাড়ছে উপকূলের বাসিন্দা থেকে শুরু করে মৎস্যজীবীদের মধ্যে।
সমুদ্রে ঘূর্ণিঝড়ের প্রভাবে ঘণ্টায় ৫০ থেকে ৭০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সমুদ্র উত্তাল হয়ে ওঠার সম্ভাবনাও রয়েছে। এই পরিস্থিতিতে মৎস্যজীবীদের নিরাপত্তার কথা মাথায় রেখে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ট্রলার কিংবা ছোট নৌকা নিয়ে গভীর সমুদ্রে মাছ ধরতে যাওয়ার উপর কড়া নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। প্রশাসনের তরফে মৎস্যজীবীদের সতর্ক থাকার পাশাপাশি সমুদ্রে না যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। বিশেষ করে দক্ষিণ ২৪ পরগনার অন্যতম গুরুত্বপূর্ণ মৎস্য বন্দর নামখানা ও ফ্রেজারগঞ্জে বাড়ানো হয়েছে নজরদারি। বকখালি উপকূলেও সতর্ক রয়েছে প্রশাসন।
বকখালি, ফ্রেজারগঞ্জ-সহ বিভিন্ন সমুদ্র উপকূলবর্তী পর্যটন এলাকায় নজরদারি চালাচ্ছে প্রশাসন। পর্যটকদের নিরাপত্তার বিষয়টিও গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। আবহাওয়ার পরিস্থিতি অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ করা হতে পারে।