মণিপুরে ফের অশান্তি, বাহিনীর গাড়িতে আগুন

27

নিউজ ডেস্ক: মণিপুরের সেনাপতি জেলায় নাগা জনগোষ্ঠীর সঙ্গে সংঘর্ষ আসাম রাইফেলসের। অন্তত তিনটি গাড়িতে আগুন লাগিয়ে দেয় নাগারা। সেনাপতি জেলার হুথরং ব্রিগেড হেডকোয়ার্টারের কাছে দুপক্ষের সংঘর্ষ হয়। পাশেই ওকলং গ্রামে রয়েছে নাগা আর্মি শিবির।

মঙ্গলবার রাতে সমাজমাধ্যমে ওকলং গ্রামে নাগা আর্মি শিবিরে বাহিনীর অভিযান চলবে এরকম একটি খবর ছড়িয়ে পড়ে। তারপরই সমাজমাধ্যমেই আহ্বান করা হয় সেনাপতি শহরের ট্রাফিক পয়েন্টে আবশ্যক পদক্ষেপের জন্য নাগাদের জড়ো হতে। এই ভাইরাল বার্তার পর হাজার হাজার নাগা জড়ো হয় সেনাপতি শহরের ট্রাফিক পয়েন্টে। সেখান থেকে তারা মিছিল করে যায় আসাম রাইফেলস কোম্পানি অপারেটিং বেসে। ওকলং এলাকা থেকে নিরাপত্তা রক্ষী প্রত্যাহারের দাবিতে মিছিল।
প্রতিবাদের সময় একটি চারচাকার গাড়িতে আগুন লাগিয়ে দেয় বিক্ষোভকারীরা। কয়েকটি দোকান ভাঙচুর করে। ওকলং এলাকায় আসাম রাইফেলস নিরাপত্তা রক্ষী প্রত্যাহার করবে খবর পাওয়ার পর পরিস্থিতি আপাত শান্ত হয়ে যায়। কিন্তু আসাম রাইফেলসের কিছু জওয়ান ফেরার সময় বিক্ষোভকারীরা তাদের দুটি গাড়িতে আগুন লাগিয়ে দেয়। এর মধ্যে রয়েছে একটি ট্রাক ও একটি জিপসি। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে নিরাপত্তা রক্ষীরা কাঁদানে গ্যাস ছোড়ে।
ঘটনায় হতাহতের কোনও খবর না থাকলেও টেনশন রয়েছে এলাকায়। চলছে নিরাপত্তা বাহিনীর টহল।