‘ইস্তফার পরেও সম্মান অটুট’— সংসদে ধর্মেন্দ্রকে ঘিরে বিজেপির উষ্ণ অভ্যর্থনা, পাগড়ি পরিয়ে উঠল ‘জিন্দাবাদ’ স্লোগান

20

নিউজ ডেস্ক: নিট প্রশ্নফাঁসের জেরে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়েছেন ধর্মেন্দ্র প্রধান। তবে মন্ত্রিত্ব ছাড়ার পর সংসদে তাঁর প্রথম উপস্থিতিই যেন রাজনৈতিক বার্তায় ভরপুর। সোমবার সংসদ চত্বরে পৌঁছাতেই বিজেপির সাংসদরা তাঁকে ঘিরে উষ্ণ অভ্যর্থনা জানান। মাথায় পাগড়ি পরিয়ে সম্মান জানানো হয়, ওঠে জিন্দাবাদ স্লোগান। দলীয় সাংসদদের সঙ্গে সংসদ ভবনের ভিতরে প্রবেশ করেন ওড়িশার সম্বলপুরের বিজেপি সাংসদ।
যখন ধর্মেন্দ্র প্রধান সংসদের দ্বার দিয়ে প্রবেশ করছিলেন, ঠিক সেই সময় সংসদ চত্বরের অন্য প্রান্তে বিক্ষোভে সামিল ছিলেন বিরোধী সাংসদরা। নিট প্রশ্নফাঁস, শিক্ষাক্ষেত্রে দুর্নীতি, ভোটচুরি এবং ছাত্রদের শান্তিপূর্ণ আন্দোলনে পুলিশি দমন-পীড়নের অভিযোগ তুলে কেন্দ্রকে নিশানা করেন তাঁরা। পাশাপাশি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবিও তোলেন বিরোধীরা।
নিট বিতর্কের শুরু থেকেই ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে অনড় ছিল ককরোচ জনতা পার্টি । তাদের অবস্থান ছিল স্পষ্ট শিক্ষামন্ত্রীর ইস্তফা ছাড়া আন্দোলন প্রত্যাহার নয়। সেই চাপের আবহেই শনিবার সরকারের সঙ্গে বৈঠকের আগে নিজের পদত্যাগের ঘোষণা করেন ধর্মেন্দ্র। তাঁর
স্থলাভিষিক্ত হন প্রহ্লাদ জোশী।
পদত্যাগের কথা জানিয়ে সমাজমাধ্যমে দীর্ঘ বার্তায় ধর্মেন্দ্র প্রধান লেখেন, গত দশ দিনের ঘটনায় তিনি গভীরভাবে মর্মাহত। দেশের ছাত্র-ছাত্রী এবং অভিভাবকদের উদ্বেগকে তিনি সম্মান জানান। তদন্তের স্বচ্ছতা বজায় রাখা এবং নৈতিক দায় স্বীকার করেই তিনি কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান। পাশাপাশি তিনি আশা প্রকাশ করেন, নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং দেশের শিক্ষা ব্যবস্থার উপর মানুষের আস্থা পুনঃপ্রতিষ্ঠিত হবে ।