নিউজ ডেস্ক: হোয়াইট হাউসের ভিতরে প্রেসিডেন্ট ট্রাম্প, বাইরে এলোপাথাড়ি গুলি। পাল্টা সিক্রেট সার্ভিসের আধিকারিকদের গুলিতে নিহত ‘যীশু খ্রীষ্ট’। শনিবার সন্ধায় বন্দুকবাজের হানায় চাঞ্চল্য হোয়াইট হাউস চত্বরে। ময়দানে নামল FBI।
শনিবার সন্ধ্যায় ফের বন্দুকবাজের হানা মার্কিন মুলুকে। একাধিক মার্কিন সংবাদ মাধ্যম সূত্রে খবর, হোয়াইট হাউসের সামনে সেভেন্টিন স্ট্রিটে সন্দেহজনক ভাবে ঘোরাঘুরি করতে দেখা যায় বছর ২১ -এর নাসির বিস্টকে। ভিতরে ট্রাম্প থাকাকালীন হঠাৎ রিভলভার বের করে চেকপোস্ট লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালায় বিস্ট। পাল্টা সিক্রেট সার্ভিসের গুলিতে নিহত অভিযুক্ত নাসির বিস্ট। গোলাগুলিতে গুরুতর আহত এক পথচারী।

তদন্তকারীদের প্রাথমিক তথ্য অনুযায়ী, মানসিক ভাবে অসুস্থ ছিল নিহত বিস্ট। এর আগেও একাধিক বার হোয়াইট হাউসের সংরক্ষিত এলাকার সামনে ঘোরাঘুরি করতে দেখা যায় তাকে। একাধিকবার গ্রেফতারও হয় বিস্ট। আদালতে হাজির করলে নিজেকে ‘যীশু খ্রীষ্ট’ বলে পরিচয় দেয় সে। সিক্রেট সার্ভিসের তরফে মানসিক হাসপাতালেও পাঠানো হয় তাকে। এছাড়াও তদন্তে জানা যায়, সমাজ মাধ্যমে নিজেকে আসল ‘ওসামা বিন লাদেন’ হিসেবেও দাবি করত বিস্ট। যদিও এর আগে তাকে এত হিংস্র ও আগ্নেয়াস্ত্র সহ দেখা যায়নি বলেই জানান তদন্তকারীরা। ঘটনায় ইতিমধ্যেই ময়দানে নেমেছে FBI। FBI ডিরেক্টর কাশ প্যাটেল জানিয়েছেন, সিক্রেট সার্ভিসের সাথে যৌথ ভাবে তদন্ত চালাবে মার্কিন গোয়েন্দা সংস্থাটি।
শুটআউটের সময় হোয়াইট হাউসের ভিতরেই ছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চলছিল মধ্য প্রাচ্য সংক্রান্ত গুরুত্বপূর্ণ বৈঠক। প্রসঙ্গত, কয়েক সপ্তাহ আগেই সাংবাদিকদের সঙ্গে ট্রাম্পের নৈশভোজেও হামলার অভিযোগ ওঠে।