তিলজলা, কসবা, বেলেঘাটায় অবৈধ নির্মাণ ভাঙছে পুরসভা

9

পৃথা দাশগুপ্ত, কলকাতা: আজ সকাল থেকে শহরে পুরসভার বুলডোজার অভিযান চলছে।কলকাতার তিন এলাকায় তিন অবৈধ বহুতল নির্মাণ ভাঙছে কলকাতা পুরসভা। তিলজলা ,কসবা এবং বেলেঘাটা। এই তিন এলাকার তিনটি অবৈধ নির্মাণ ভাঙার কাজ শুরু হয়েছে। এই ভাঙাকে কেন্দ্র করে যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না-ঘটে, তাই ওই এলাকার নিরাপত্তা আঁটোসাঁটো করা হয়েছে। পুলিশ, কলকাতা পুরসভার কর্মীরা রয়েছেন। রয়েছে কেন্দ্রীয় বাহিনীও। বেলেঘাটায় রাজু নস্করের তৈরি দু’টি বাড়ি ভাঙা হচ্ছে।

অবৈধ নির্মাণ নিয়ে ‘জিরো টলারেন্স’ নীতি অবলম্বনের কথা জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাঁর নির্দেশের পরই বিভিন্ন জায়গার অবৈধ নির্মাণ চিহ্নিত করে নোটিস পাঠাতে শুরু করেছে পুরসভা। আজ সকালে তিলজলা, বেলেঘাটা, কসবায় অবৈধ বিল্ডিং ভাঙার কাজ শুরু করে প্রশাসন। বেলেঘাটার অবৈধ নির্মাণের সঙ্গে যুক্ত ছিলেন তৃণমূল নেতা রাজু নস্কর বলে সূত্রের খবর। বেলেঘাটার ৩৪ নম্বর ওয়ার্ড। ইস্ট কুলিয়া রোড। সেখানে একটি পাঁচ তলা বিল্ডিং ভাঙার কাজ চলছে।

কসবায় বিবি চ্যাটার্জি স্ট্রিটেও চলছে বুলডোজার। অভিযোগ, এই অবৈধ নির্মাণ নিয়ে শুনানি হলেও হাজির হয়নি অভিযুক্তরা। নোটিস লাগানো রয়েছে এই বিল্ডিংয়ের গায়েও। কসবার যে এলাকায় অবৈধ নির্মাণ ভাঙা হচ্ছে, সেই এলাকায় পৌঁছেছেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল। পুলিশের সঙ্গে কথা বলেছেন তিনি। স্থানীয়দের অভিযোগ, এই অবৈধ নির্মাণটির সঙ্গে জড়িত স্থানীয় ব্যবসায়ী বিশ্বজিৎ পোদ্দার ওরফে সোনা পাপ্পু।

তিলজলাতেও বুলডোজ়ার নিয়ে বেআইনি নির্মাণ ভাঙার কাজ শুরু করেছে পুরসভা। জি জে খান রোডে সাত তলা বিল্ডিং ভাঙার কাজ চলছে। এই নির্মাণ অবৈধ, তা নিয়ে আগেই নোটিস দিয়েছে পুরসভা।