‘ছররা গুলি ছোড়া হয়নি’, দাবি মন্ত্রীর, লোকসভায় পাশ প্রশ্নফাঁস বিরোধী বিল

6

নিউজ ডেস্ক: লোকসভায় পাশ হল প্রশ্নফাঁস বিরোধী বিল। যদিও ধ্বনিভোটের সময় ওয়াকআউট করে বিরোধীরা। দিল্লিতে সংসদ চলো অভিযানের সময় পড়ুয়াদের ওপর ছররা গুলি চালানোর অভিযোগ উঠেছে। এবিষয়ে বিল নিয়ে ভাষণ দিতে গিয়ে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী সরাসরি আক্রমণ করেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে। রাহুলের অভিযোগ, স্বরাষ্ট্রমন্ত্রী পড়ুয়াদের ওপর ছররা গুলি চালানোর নির্দেশ দিয়েছেন। রাহুলের মন্তব্যের পরই উত্তাল হয়ে ওঠে লোকসভা। রাহুলকে ক্ষমা চাইতে হবে বলে দাবি করেন সরকার পক্ষের সাংসদরা।
রাহুলের অভিযোগের জবাব দেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী জিতেন্দ্র সিং। তিনি বলেন, পড়ুয়াদের ওপর ছররা গুলি চালানোর কোনও ঘটনা ঘটেনি। যে ঘটনা ঘটেইনি তার কোনও অনুমতির প্রশ্ন ওঠে না। আর পুলিশকে বা বাহিনীকে গুলি চালানোর নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রক বা স্বরাষ্ট্রমন্ত্রী দেন না, এবিষয়ে নির্দেশ দেন ম্যাজিস্ট্রেট। যদিও বিরোধীরা এই বক্তব্যের তীব্র বিরোধিতা করে।
নিট-কাণ্ড নিয়ে পড়ুয়াদের আন্দোলনের মধ্যেই প্রশ্নফাঁস রুখতে কঠোর আইন আনার কথা জানিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই অনুযায়ী সোমবার সরকারি পরীক্ষা সংস্কার বিল লোকসভায় পেশ করেন মন্ত্রী জিতেন্দ্র সিংহ। মঙ্গল ও বুধবার, দুদিন লোকসভায় আলোচনার পর ধ্বনিভোটে এই বিল পাশ হয়।