পৃথা দাশগুপ্ত, কলকাতা: বুধবার দুপুরে আচমকাই টলিউডে খারাপ খবর। প্রয়াত অনীক দত্ত। প্রথমে শোনা যায়, বাড়ির ছাদ থেকে পড়ে গিয়ে গুরুতর আহত হয়েছেন অনীক দত্ত। এরপর সংকটজনক অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।
পুলিশ সূত্রে খবর , ছাদ থেকে উদ্ধার হয়েছে একটি সুইসাইড নোট যেখানে লেখা রয়েছে আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়
স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছিল এই গরমে হঠাৎ ছাদে কেন যেতে গেলেন পরিচালক? কোনও কাজে যদি তিনি ছাদেও যান তাহলে পড়ে গেলেন কী করে? একাধিক প্রশ্ন সামনে আসছিল। এবার গড়িয়াহাটের বাড়ি থেকে উদ্ধার হল পরিচালকের সুইসাইড নোট। পুলিশ আধিকারিক জানাচ্ছেন মানসিকভাবে ডিপ্রেশনে ছিলেন পরিচালক। অসুস্থতার পাশাপাশি দীর্ঘদিন তিনি মানসিক অবসাদে ভুগছিলেন।

পুলিশ ইতিমধ্যেই সুইসাইড নোটের সূত্র ধরে তদন্ত শুরু করেছে। ওই হাতের লেখা আদৌ পরিচালকের কিনা, সেটা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।
কী লেখা সেই চিঠিতে? পুলিশ সূত্রে খবর, সুইসাইট নোটে শুধু উল্লেখ রয়েছে- “এই ঘটনার জন্য কেউ দায়ী নয়।” প্রাথমিকভাবে অনুমান, পরিচালক আত্মহত্যাই করেছেন।
দীর্ঘ দিন ধরেই অসুস্থ ছিলেন অনীক দত্ত। ফুসফুস ও স্নায়ুর সমস্যাতেও ভুগছিলেন। এর আগে বাড়ির মধ্যে কয়েকবার পড়েও গিয়েছেন। অবসাদও নাকি ঘিরে ধরেছিল তাঁকে। ঢাকুরিয়ার হাসপাতাল থেকে দেহ বার করে নিয়ে যাওয়া হয়েছে এসএসকেএম হাসপাতালে। সেখানে চলছে ময়নাতদন্ত। তার মেয়ে ঐশী দত্ত মুম্বাই থেকে আর কিছুক্ষণের মধ্যেই কলকাতায় এসে পৌঁছবেন।
হাসপাতালে একে একে পৌঁছন বিদীপ্তা চক্রবর্তী, সুদীপ্তা চক্রবর্তী, কমলেশ্বর মুখোপাধ্যায়রা। পৌঁছে গিয়েছেন মহম্মদ সেলিম, শতরূপ ঘোষরাও।
এদিকে, ‘অপরাজিত’ পরিচালকের আকস্মিক প্রয়াণের খবর পেয়েই হাসপাতালে ছুটে গিয়েছেন অরিন্দম শীল, সৃজিত মুখোপাধ্যায়, আবির চট্টোপাধ্যয়া, জীতু কমলরা।
কথা বলার মতো পরিস্থিতিতে ছিলেন না শ্রীলেখা মিত্র। কান্নায় ভেঙে পড়েছেন তিনি। শোকস্তব্ধ বাদশা মৈত্র।
ময়নাতদন্তের জন্য এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয় হয়েছে অনীক দত্তর দেহ। প্রত্যক্ষদর্শীদের বয়ান রেকর্ড করা হচ্ছে । কথা বলা হবে তার স্ত্রী-র সঙ্গেও। প্রথম যে ডাক্তার তাঁকে দেখেছিলেন সেই ডাক্তারের সাথেও কথা বলছেন তদন্তকারী আধিকারিকরা। হাসপাতাল সূত্রে খবর মাথায় একাধিক আঘাত ছিল পরিচালকের । পরিবারের তরফ থেকে এখনো পর্যন্ত অফিশিয়ালি কিছু জানানো হয়নি । মেয়ে ঐশী দত্ত কলকাতায় এলে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে ,খবর সূত্রের।