নিউজ ডেস্ক: পশ্চিমবঙ্গে পালাবদলের পরে বেশ কয়েক জন তৃণমূল নেতার নিরাপত্তায় কাটছাঁট করা হয়েছিল। কমানো হয়েছিল রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা। এমনকি তাদের বাড়ির সামনে থেকেও অতিরিক্ত নিরাপত্তা সরানো হয়েছে। তবে এবার বাড়তে চলেছে রাজ্য বিধানসভার বিরোধী বিধায়কদের নিরাপত্তা। এখনো পর্যন্ত যারা যেরকম নিরাপত্তা পেতেন তাঁরা দ্বিগুণ নিরাপত্তা পাবেন বলে সূত্রের খবর।
তবে এক্ষেত্রে সরকারের তরফ থেকে এখনো পর্যন্ত কিছু জানানো হয়নি। রাজ্য জুড়ে বিজেপি ক্ষমতায় আসার পরই তৃণমূল বিধায়ক, সাংসদ, নেতা-কর্মীদের নিরাপত্তায় কাটছাঁট হয়েছে। রাজ্যে পালাবদলের পরে বীরভূমের বেশ কয়েক জন তৃণমূল নেতার নিরাপত্তায় কাটছাঁট করা হয়েছিল। সেই তালিকায় ছিলেন কাজল, চন্দ্রনাথ, অনুব্রত মণ্ডল-সহ বেশ কয়েক জন। এখন অনুব্রতের কাছে কার্যত কোনও নিরাপত্তারক্ষী নেই বলে খবর । এই আবহে বিধায়কদের নিরাপত্তা বৃদ্ধি নিয়ে শুরু হয়েছে জল্পনা। তবে এবিষয়ে বেশকিছু বিধায়কদের সঙ্গে যোগাযোগ করা হলে অনেকেই বিষয়টি প্রকাশ্যে এখনো মুখ খুলতে চাইছেন না। অন্যদিকে, তৃণমূলের ৮০ জন বিধায়কের মধ্যে ৫৮ জন ঋতব্রতকে সমর্থন করেন। বিধানসভায় স্পিকারের ঘরে গিয়ে তাঁর সঙ্গে দেখা করেন ঋতব্রতের নেতৃত্বে অধিকাংশ তৃণমূল বিধায়ক। ৫৮ জন বিধায়কের স্বাক্ষর সংবলিত চিঠি জমা দেন তাঁরা। সেই চিঠি স্পিকার গ্রহণ করেন। বর্তমান পরিস্থিতিতে বিধানসভার বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। কিন্তু হঠাৎ বিরোধী বিধায়কদের নিরাপত্তা বৃদ্ধির খবরে চর্চা শুরু হয়েছে বাংলার রাজনীতিতে।