আরজি কর হাসপাতালের ওয়ার্ড থেকে উধাও দুই চিকিৎসাধীন রোগী

43

পৃথা দাশগুপ্ত,কলকাতা:হাসপাতালেই চিকিৎসাধীন ছিলেন দুই রোগী। কিন্তু আচমকাই নিজেদের বিছানা ছেড়ে চলে গেলেন। এই ঘটনাকে কেন্দ্র করে আরজি কর মেডিকেল কলেজ ও হাসপাতালে ব্যাপক চাঞ্চল্য।‌

হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, ওই দুই রোগী কাউকে কিছু না জানিয়ে হাসপাতাল ছেড়ে পালিয়েছেন। নিখোঁজ রোগীদের মধ্যে এক জন প্রৌঢ় এবং অপর জন এক নারী।

পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, নিখোঁজ মহিলার নাম দীপান্বিতা রায়, চিৎপুরের বাসিন্দা। তিনি আরজি করের ট্রমা কেয়ার ইউনিট এ ভর্তি ছিলেন। শুক্রবার রাত থেকেই তাঁর আর কোনও হদিস মিলছিল না। তড়িঘড়ি চিৎপুর থানায় লিখিত ভাবে জানানো হয়। আরেকজন নিখোঁজ প্রৌঢ়ের নাম বিমল ঘোষ (৫১)। জ্বর এবং হৃদযন্ত্রের জটিলতা নিয়ে অন্য একটি হাসপাতাল থেকে স্থানান্তরিত করে তাঁকে আরজি করের মেডিসিন ওয়ার্ডে ভর্তি করা হয়েছিল।

শুক্রবার পরিবারের লোকজন হাসপাতালে বিমলবাবুর সঙ্গে দেখা করতে এসে দেখেন বেডে তিনি নেই। তৎক্ষণাৎ বিষয়টি কর্তব্যরত নার্সদের জানানো হয়। খোঁজার পরও কোনও সন্ধান না মেলায় শেষপর্যন্ত পুলিশে লিখিত অভিযোগ দায়ের করে হাসপাতাল কর্তৃপক্ষ।

কীভাবে নিরাপত্তা এড়িয়ে চিকিৎসাধীন অবস্থায় দু’জন উধাও হয়ে গেলেন?

কোনো নিরাপত্তারক্ষী ছিলেন না সেই সময় ?

ওয়ার্ডের নজরদারি এড়িয়ে দুই রোগীরা চলে গেলেন‌ কীভাবে?

বিভিন্ন প্রশ্ন ইতিমধ্যেই উঠতে শুরু করেছে।

হাসপাতাল সূত্রে খবর, আজ‌ তাঁদের ডিসচার্জ ছিল। যাঁদের বিকেলের দিকে ডিসচার্জ করা হয়, তাঁদের দুপুরের খাবার শেষ করে যাওয়ার পরামর্শ দেওয়া হয়। কিন্তু দীপান্বিতা ও বিমল দু’জনের কেউই খাবার না খেয়ে তার আগেই হাসপাতাল থেকে পালিয়ে গিয়েছেন‌, দাবি হাসপাতাল কর্তৃপক্ষের। তাই নিয়ম অনুযায়ী বিষয়টিকে ‘অ্যাবসকন্ডিং কেস’ হিসেবেই পুলিশের খাতায় নথিভুক্ত করা হয়েছে।

আরজি কর হাসপাতালের সুপার সপ্তর্ষি চট্টোপাধ্যায় জানান, গোটা বিষয়টি নিয়ে বিস্তারিত রিপোর্ট তলব করেছেন।