মেডিকেল কলেজে ধুন্ধুমার, শো কজ প্রত্যাহারের দাবি ইন্টার্নদের

32

পৃথা দাশগুপ্ত,কলকাতা:দুর্গাপুজোর প্রথম সপ্তমীতে চোরবাগানের মণ্ডপে পদপিষ্ট হয়ে মৃত্যু হয় ১৯ জনের।‌ আহত হয় অনেকে। তাঁদের কলকাতা মেডিক্যাল কলেজে নিয়ে আসা হলে চিকিৎসা শুরু হয়। ঠিক সেই সময়ে কর্তব্যরত ইন্টার্নদের একাংশ সাংবাদিক বৈঠক করে হাসপাতালের চিকিৎসা পরিকাঠামো, ওষুধপত্র ও সামগ্রীর অপ্রতুলতার অভিযোগ তোলেন। পরে কলেজ কর্তৃপক্ষের তদন্তে ওই অভিযোগ অসত্য বলে উঠে এসেছে বলে দাবি করা হয়।

এই ঘটনায় আট ইন্টার্নকে তিন দিনের মধ্যে লিখিত ভাবে কারণ দেখাতে বলে শো কজ করা হয়।‌ সেই শো-কজ় ঘিরে শুরু হয় সংঘাত। ঘেরাও করা হয় অধ্যক্ষ ইন্দ্রনীল বিশ্বাসকে। দাবি , শো কজ প্রত্যাহার করতে হবে। এই ঘেরাও চলাকালীন এবিভিপি-কর্মী সমর্থকরা তাঁদের উপরে হামলা চালিয়েছেন বলেও অভিযোগ তোলেন ইন্টার্নরা। এই নিয়ে বুধবার রাতে উত্তাল হয় কলকাতা মেডিক্যাল কলেজ।‌

শো কজ প্রত্যাহারের দাবিতে এখনো অনড় পড়ুয়ারা। কলেজের অধ্যক্ষ ইন্দ্রনীল বিশ্বাসকে ঘেরাও করে রাখার সময় কলেজে যে উত্তেজনা ছড়ায় ।

পড়ুয়াদের দাবি, যে তদন্ত কমিটির রিপোর্টের ভিত্তিতে আট জনকে শো কজ করা হল তা তাঁদের দেখাতে হবে। পাশাপাশি, তদন্তের প্রক্রিয়া এবং আট জনকেই কেন বেছে নেওয়া হল সেটাও স্পষ্ট করতে হবে। কলেজ কাউন্সিলের বৈঠক ডাকেন কর্তৃপক্ষ। কিন্তু বৈঠকের পরেও অভিযুক্ত আট পড়ুয়ার উপর থেকে শো-কজ প্রত্যাহার করা হবে না বলে সাফ জানানো হয় কর্তৃপক্ষের তরফ থেকে।‌

বিক্ষোভকারী পড়ুয়াদের আর‌ও অভিযোগ, চোরবাগানের দুর্ঘটনার দিন চিকিৎসার জন্যে প্রয়োজনীয় ওষুধপত্র ও পরিকাঠামোর অভাবের যে অভিযোগ করা হয়েছিল তার‌ও পূর্ণাঙ্গ তদন্ত করে নতুন কমিটি গঠন করেছেন কলেজ কর্তৃপক্ষ। কিন্তু শো-কজ প্রত্যাহারে কলেজ কাউন্সিলের আপত্তি না থাকলেও স্বাস্থ্য ভবনের নাকি আপত্তি রয়েছে।‌যদিও এই দাবি নিয়ে কর্তৃপক্ষের তরফে কোনও আনুষ্ঠানিক বক্তব্য মেলেনি।

আজও ইন্টার্ন চিকিৎসকদের প্রতিবাদ মিছিল রয়েছে। মেডিকেল কলেজ চত্বরে মোতায়েন বিশাল পুলিশ বাহিনী।