‘ইমরানের সঙ্গে যা হচ্ছে ঠিক না’কান্না জাভেদ মিয়াদাদের

27

নিউজ ডেস্ক: জেলবন্দি ইমরান খানের কথা বলতে গিয়ে প্রকাশ্যেই কেঁদে ফেললেন জাভেদ মিয়াদাদ। পাকিস্তানের বিশ্বকাপ জয়ী অধিনায়ক ইমরান খান বর্তমানে কারাগারে। বিভিন্ন অভিযোগে তাঁকে গ্রেফতার করে কারাগারে রাখা হয়েছে।
ইমরানের ক্রিকেট সতীর্থ পাকিস্তানের সর্বকালের সেরা ব্যাটসম্যান জাভেদ মিয়াদাদ মুখ খুলেছেন ন্যারেটিভস পডকাস্টে। এই প্রথম পাকিস্তানের কোনও ক্রিকেটার কারাবন্দি ইমরানের পক্ষে মুখ খুললেন।
পডকাস্টে কাঁদতে কাঁদতে জাভেদ মিয়াদাদ বলেন, জানি না কী হয়েছে, কিন্তু ইমরান খানের সঙ্গে যা হচ্ছে সেটা ঠিক নয়। যেভাবেই হোক সমস্যার সমাধান করা উচিত। ইমরানকে ছেড়ে দিলে কী হবে? ইমরান কি পাকিস্তানকে খেয়ে ফেলবে? প্রশ্ন পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক জাভেদ মিয়াদাদের।
পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানকে ২০২৩ সালের আগস্ট মাসে গ্রেফতার করেছিল পাকিস্তান সরকার। এখনও তিনি জেলবন্দি। মিয়াদাদ এবিষয়ে বলেন, আমি প্রার্থনা করি দুপক্ষ আলোচনা করে বিষয়টা মিটিয়ে নিক। ইমরানের এসব প্রাপ্য ছিল না। প্রাক্তন অধিনায়কের কথা বলতে গিয়ে কেঁদে ফেলেন মিয়াদাদ, আমি সবসময় ভাবি আমাদের ক্যাপ্টেন ইমরান জেলে কী করছে, কী ভাবছে, কীভাবে দিন কাটছে ইমরানের। আমরা এত ঘনিষ্ঠ ছিলাম! সবসময় আমরা পরস্পরের কথা ভাবতাম। আমরা পাকিস্তানকে কত উঁচুতে নিয়ে গেছিলাম। এখন ইমরানকে কোনও সাহায্য করতে পারছি না, কিন্তু দুঃখে আমার মনে কাঁদে।
ইমরানের নেতৃত্ব মিয়াদাদ এবং উলটোদিকে মিয়াদাদের নেতৃত্বে খেলেছেন ইমরান। তিন বছর ধরে কারাগারে আছেন ইমরান, কিন্তু মিয়াদাদই প্রথম পাক ক্রিকেটার যিনি ইমরানের বিষয়ে মুখ খুললেন।


মিয়াদাদ বলেছেন, কাগজপত্র-টিভিতে আলোচনা হলেও ইমরানের সঙ্গে আমার সম্পর্ক ছিল ভাইয়ের মতো। আমার প্রতি ইমরান কখনো অবিচার করেনি। আমি আর ইমরান একসঙ্গে কাউন্টি ক্রিকেট খেলতাম। তারপর পাকিস্তানের হয়ে খেলতাম। বছরের অন্তত ছয়মাস আমরা একসঙ্গে থাকতাম। ইমরানের সঙ্গে অত্যন্ত মধুর দিন কাটিয়েছি।
কারাগার বন্দি ইমরান সম্পর্কে মিয়াদাদ বলেছেন, আমরা সবাই পাকিস্তানের সন্তান। ইমরান পাকিস্তানকে এত দিয়েছে, ওর এটা প্রাপ্য ছিল না। ইমরানেরও পরিবার আছে। দুটো মিষ্টি ছেলে আছে। সারাজীবন পাকিস্তানের স্বার্থে লড়েছে ইমরান। প্রধানমন্ত্রীও হয়েছিল। জানি না, আগামী দিনে পাকিস্তানের ভাগ্যে কী আছে!
সম্প্রতি ইমরান খানের চিকিৎসা নিয়ে পাকিস্তানের মুখ্যমন্ত্রী শেহবাজ শরিফকে চিঠি লিখেছেন ক্রিকেট বিশ্বের প্রাক্তন ২২ অধিনায়ক। যার মধ্যে রয়েছেন ভারতের সুনীল গাভাসকার, কপিলদেব, দিলীপ বেঙ্গসরকরও। মিয়াদাদ বলেছেন, গোটা পৃথিবীতে ইমরানের সম্মানই আলাদা। আমাদের এটা নিয়ে ভাবা উচিত। আল্লাহ না করুন, যদি জেলে ইমরানের কিছু হয়ে যায়, গোটা পাকিস্তান কাঁদবে। এবং গোটা পৃথিবী প্রশ্ন করবে, ইমরানের সঙ্গে আমরা এটা করেছি কেন। পাকিস্তান মুখ দেখাবে কীভাবে? প্রশ্ন মিয়াদাদের।
শুক্রবার অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্সও ইমরান খানকে নিয়ে বিবৃতি দিয়েছেন। কামিন্স বলেছেন, ইমরানের ঠিকঠাক চিকিৎসা হওয়া দরকার। বর্তমান ক্রিকেটারদের মধ্যে কামিন্সই প্রথম ইমরান নিয়ে মুখ খুলেছেন।