এবার কি ডিজিটাল লেনদেনে সার্ভিস চার্জ?

30

নিউজ ডেস্ক: ডিজিটাল লেনদেন বা ইউপিআই-এর ওপর মাশুলের পথ প্রশস্ত করল কেন্দ্রীয় সরকার। বৃহস্পতিবার লোকসভায় আলোচনা ছাড়াই পাস হয়েছে পেমেন্ট অ্যান্ড সেটলমেন্ট সিস্টেমস অ্যাক্ট, ২০০৭ সংশোধনী বিল। এর ফলে এবার থেকে ইউপিআই এবং অন্যান্য ডিজিটাল লেনদেনে মার্চেন্ট ডিসকাউন্ট রেট চার্জ বসাতে পারবে ব্যাংক বা সংশ্লিষ্ট পেমেন্ট সার্ভিস প্রভাইডার।
অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের পেশ করা ট্যাক্সেশন অ্যান্ড আদার ল’জ সংশোধনী বিল কোনও বিতর্ক ছাড়াই পাস হয়েছে। সংশোধনী বিলে কেন্দ্রীয় সরকারকে নির্দিষ্ট ইলেকট্রনিক পেমেন্টের ক্ষেত্রে সার্ভিস চার্জ নির্ধারণ ও অনুমোদনের আইনি ক্ষমতা দেওয়া হয়েছে।
বর্তমানে এনইএফটি এবং আরটিজিএস লেনদেনে মাশুল থাকলেও, ইউপিআই ছিল এর বাইরে। ইউপিআইয়ে টাকা দিতে বাড়তি কোনও খরচ করতে হত না মানুষকে। এই বিল নিয়ে সরকারের বিরুদ্ধে তোপ দেগেছেন বিরোধীরা। কংগ্রেস নেতা জয়রাম রমেশ লিখেছেন, এই বিলের মাধ্যমে সরকার সেই আইনগত নিশ্চয়তা তুলে দিচ্ছে, যা ইউপিআই লেনদেনকে নিঃশুল্ক করেছে। এই বিলের ফলে খুব সহজেই ভবিষ্যতে সব ধরনের পেমেন্টে সার্ভিস চার্জ বসাতে পারবে কেন্দ্র। যার খরচ অনিবার্যভাবে সাধারণ মানুষের ওপরেই বর্তাবে। যার অর্থ এবার ইউপিআই লেনদেন করতে অতিরিক্ত অর্থ দিতে হবে।
এর পর রমেশ লিখেছেন, এই সংশোধনী বিল আনার প্রকৃত কারণ আরও উদ্বেগজনক। ইউএস ট্রেড রিপ্রেজেনটেটিভ’-এর রিপোর্ট ইউপিআই এবং ‘রুপে’র মাধ্যমে বিনামূল্যে লেনদেনের সমালোচনা করা হয়েছে এবং তাদের অভিযোগ ভিসা এবং ‘মাস্টার কার্ড-এর মতো আমেরিকান পেমেন্ট প্ল্যাটফর্মগুলিকে বাজার থেকে সরিয়ে দিয়েছে। আমেরিকার চাপেই কি এই বিল আনা হল, প্রশ্ন কংগ্রেসের রাজ্যসভা সাংসদ জয়রাম রমেশের।
যদিও সরকারের একটি সূত্রের দাবি, নতুন আইন কার্যকর হলে সাধারণ মানুষের মধ্যে ইউপিআই লেনদেন আগের মতোই সম্পূর্ণ নিঃশুল্ক থাকবে। ২,০০০ টাকার বেশি মার্চেন্ট লেনদেনের ক্ষেত্রে সার্বিস চার্জ প্রযোজ্য হতে পারে। অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বলেছেন, সার্ভিস চার্জ শুধু মার্চেন্টদের ওপর প্রযোজ্য, ব্যবহারকারী বা গ্রাহকে ওপর নয়। যদিও বিরোধীদের দাবি, মার্চেন্ট এই সার্ভিস চার্জ বসাবে গ্রাহকের ওপর।