দাঙ্গা বিধ্বস্ত মণিপুরে পিছোল জনগণনা

49

নিউজ ডেস্ক: দাঙ্গাবিধ্বস্ত মণিপুরে জনগণনার কাজ ৩০ এপ্রিল, ২০২৭ পর্যন্ত স্থগিত রাখার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। একইসঙ্গে, জাতিদাঙ্গা ও বাস্তুচ্যুতির প্রেক্ষাপটে জনগণনা পরিচালনার বিষয়ে যে উদ্বেগ রয়েছে, তা খতিয়ে দেখার জন্য কেন্দ্রকে নির্দেশ দিয়েছে আদালত।
আদালত কেন্দ্র এবং রেজিস্ট্রার জেনারেল ও সেনসাস কমিশনারকে নির্দেশ দিয়েছে যেন তারা আবেদনকারীদের উত্থাপিত বিষয়গুলো বিবেচনা করে নির্ধারিত তারিখের মধ্যে এবিষয়ে আদেশ জারি করে।
আবেদনকারীরা জানিয়েছেন যে, ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হওয়া বা পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা, রাস্তাঘাট বন্ধ থাকা এবং মানুষের বাস্তুচ্যুত হওয়ার মতো ঘটনাগুলো জনসংখ্যা গণনার নির্ভুলতাকে প্রভাবিত করতে পারে। এ ছাড়া, সংঘাত ও অভিবাসনের কারণে জনসংখ্যা বিন্যাসে যে পরিবর্তনের অভিযোগ উঠেছে, তা নিয়েও তারা উদ্বেগ প্রকাশ করেছেন।
আবেদনকারীদের দাবি যে, জনগণনার আগে, বিশেষ করে পাহাড়ি এলাকায়, নতুন করে জনসংখ্যা গণনা করা হোক, নির্বাচনী এলাকার সীমানা পুনর্নির্ধারণ করা হোক এবং এনআরসি করা হোক। বস্তুত জনগণনা ঘোষণা করতেই মণিপুরে বিক্ষোভ শুরু হয়। বিক্ষোভকারীদের দাবি যে, আগে এনআরসি তারপর জনগণনা। এই দাবিতে বেশ কয়েকটি জায়গায় সংঘর্ষও হয়েছে।
আদালতে আবেদনকারীদের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে যে, জাতি হিংসার পর রাজ্যে অনেক অননুমোদিত গ্রাম গড়ে উঠেছে এবং ‘বাংলাদেশি অভিবাসীরা’ রাজ্যে প্রবেশ করে স্থানীয় মহিলার বিয়ে করেছে।
৫ই সেপ্টেম্বরের একটি বিজ্ঞপ্তির মাধ্যমে কেন্দ্র মণিপুরে ঘরশুমারি স্থগিত করেছে, তবে নতুন কোনও তারিখ উল্লেখ করেনি। এই পর্যায়ে বাড়িঘর এবং পরিবার সংক্রান্ত তথ্যা নথিবদ্ধ করা হয়।
৩ মে, ২০২৩ থেকে মণিপুরে মেইতেই এবং কুকি-জো সম্প্রদায়ের মধ্যে জাতিদাঙ্গা চলছে। মেইতেই সম্প্রদায়ের ‘তফসিলি উপজাতি’ মর্যাদার দাবির বিরোধিতায় আয়োজিত একটি ‘ট্রাইবাল সলিডারিটি মার্চ’-এর পর থেকেই এই সংঘাতের সূত্রপাত হয়।
মেইতেইরা মূলত ইম্ফল উপত্যকায় বসবাস করেন, অন্যদিকে কুকি-জো সম্প্রদায়ের মানুষেরা প্রধানত পাহাড়ি জেলাগুলোতে থাকেন। সেপ্টেম্বর মাসে মণিপুর বিধানসভায় উপস্থাপিত তথ্য অনুযায়ী, এই হিংসায় অন্তত ৩০৬ জন নিহত হয়েছেন এবং ৪৯ জন এখনও নিখোঁজ রয়েছেন।
এপ্রিল মাসে প্রকাশিত সরকারি তথ্য অনুযায়ী, ৫৮ হাজারেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন; প্রায় ৭ হাজার ৯০০টি বাড়ি সম্পূর্ণ ধ্বংস হয়েছে এবং ২ হাজার ৬০০টিরও বেশি বাড়ি আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
অন্তত ৬০ হাজার মানুষ এখনও ত্রাণ শিবিরে বসবাস করছেন, যা মূলত অস্থায়ী আশ্রয়ের উদ্দেশ্যে তৈরি করা হয়েছিল।