নিউজ ডেস্ক: বুকার পেলেন ব্রিটেনের এম জন হ্যারিসন। কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে সমকালীন উদ্বেগের প্রতিফলন ঘটানো প্রলয়োত্তর ব্রিটেনের ব্যঙ্গাত্মক চিত্র তুলে ধরা ‘দ্য এন্ড অব এভরিথিং’ উপন্যাসের জন্য বুকার পেয়েছেন তিনি।
৮১ বছর বয়সি হ্যারিসন এই পুরস্কারের ইতিহাসে সবচেয়ে বেশি বয়সি বিজয়ী। বুকার পুরস্কারের মূল্য ৫০ হাজার পাউন্ড।
ব্রিটিশ কল্পবিজ্ঞান সাহিত্যের প্রবীণ লেখক হ্যারিসন এবারই প্রথম মর্যাদাপূর্ণ এ পুরস্কারের সংক্ষিপ্ত তালিকায় স্থান পেয়েছিলেন। সমালোচকদের মতে, তাঁর এ স্বীকৃতি অনেক আগেই পাওয়া উচিত ছিল।
বুকার পাওয়ার ক্ষেত্রে জন হ্যারিসন পিছনে রেখেছেন সংক্ষিপ্ত তালিকার মারলন জেমস, ডগলাস স্টুয়ার্ট, এলিজাবেথ স্ট্রাউট, লুক কেনার্ড ও রেবেকা পেরিকে।
বিচারক প্যানেলের সভাপতি মেরি বিয়ার্ড সংবাদ সম্মেলনে বলেন, অসাধারণ দক্ষতায় লেখা এবং একই সঙ্গে বিপুল উচ্চাকাঙ্ক্ষার বিচারে হ্যারিসনের উপন্যাস এগিয়ে ছিল।
হ্যারিসনের ত্রয়োদশ উপন্যাসের কাহিনি আবর্তিত হয়েছে সমুদ্রতীর থেকে নানা জিনিস সংগ্রহকারী ফিলিপ টেনেন্ট এবং স্মৃতিভ্রংশে আক্রান্ত, স্বাধীনচেতা তার পিসি মার্নিকে ঘিরে। নিকট ভবিষ্যতের ইংল্যান্ডের বাতাসপ্রবণ উপকূলীয় এলাকায় কাহিনির পটভূমি।
বিয়ার্ড বলেন, বইটির অন্যতম মূল বক্তব্য হলো, কৃত্রিম বুদ্ধিমতাজনিত প্রলয় যদি কখনও আসে বা যখনই আসুক, তা মানুষের বোধগম্যতার বাইরে থাকবে। তাঁর মতে, এই উপন্যাস বর্তমান সময়ের সঙ্গেও গভীরভাবে সংগতিপূর্ণ।
বিচারক প্যানেলের এক বিবৃতিতে বিয়ার্ড বলেছেন, এটি ভবিষ্যতের দৃষ্টিকোণ থেকে দেখা বর্তমান সময়ের রাজনীতি।
স্বপ্নময় বিভিন্ন পর্বে সাজানো ১৯৮ পৃষ্ঠার সংক্ষিপ্ত উপন্যাসে ব্রেক্সিট, কোভিড-১৯ অতিমারি এবং দৈনন্দিন জীবনে প্রযুক্তির ক্রমবর্ধমান অনুপ্রবেশের প্রসঙ্গ এসেছে।
হ্যারিসনের লেখার ক্ষেত্রে প্রায়ই দেখা যায়, তার কাহিনিকে নির্দিষ্ট কোনো সাহিত্যধারায় সীমাবদ্ধ করা যায় না এবং তার লেখার স্বতন্ত্র বৈশিষ্ট্য রয়েছে। এ উপন্যাসেও কাহিনির চেয়ে আবহ বেশি গুরুত্ব পেয়েছে। লেখকের ইঙ্গিতপূর্ণ ও কাব্যিক বর্ণনাশৈলী ধীরে ধীরে সবকিছু ভেঙে পড়ার অনুভূতিকে আরও তীব্র করেছে।
নিজের বই সম্পর্কে হ্যারিসন বলেছেন, সমসাময়িক ঘটনাবলি থেকেই বইটির বিষয়বস্তু ও ব্যঙ্গের উপাদান এসেছে। আমাদের প্রত্যাশা ও বিশ্বকে ব্যাখ্যা করার সব প্রচেষ্টা যখন চলমান বিপর্যয়ে পরিণত হয়, তখন যাই ঘটুক আমাদের জীবন চালিয়ে যেতে হয়।