নিউজ ডেস্ক: নাগাল্যান্ডে গত দুদিনে বিষাক্ত মদ পান করার মৃত্যু হয়েছে অন্তত ১৯ জনের। মককচং জেলায় ৮ এবং তুয়েনসাং জেলায় ১১ জনের মৃত্যুর খবর সামনে এসেছে।
পুলিশ সুপার ভেসুপরা কেজো জানিয়েছেন, এই মৃত্যুর ঘটনা তদন্ত করতে এবং সন্দেহজনক ভেজাল মদের উৎস ও সরবরাহ ব্যবস্থা খুঁজে বের করতে অতিরিক্ত পুলিশ সুপার আই বুংল্যাং চ্যাং-এর নেতৃত্বে একটি বিশেষ তদন্তকারী দল (SIT) গঠন করা হয়েছে।
তিনি জানান, মৃত্যুর কারণ নিশ্চিত করতে ফরেনসিক পরীক্ষার জন্য গুয়াহাটিতে নমুনা পাঠানো হয়েছে। আমরা কিছু সূত্র পেয়েছি, তবে বিস্তারিত তথ্য প্রকাশ করার মতো সময় এখনও আসেনি।
মৃত্যুর ঘটনার পর পুলিশ একাধিক অভিযান চালিয়ে ১৯ জনকে গ্রেপ্তার করেছে এবং প্রায় ৩,০০০ বোতল মদ বাজেয়াপ্ত করেছে।
পুলিশ জনসাধারণকে অপরিচিত, লেবেলবিহীন বা সন্দেহজনক অবৈধ মদ পান করা থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছে।
পাশাপাশি, মদ পানের পর মাথা ঘোরা, ঝাপসা দৃষ্টি, শ্বাসকষ্ট বা জ্ঞান হারানোর মতো উপসর্গ দেখা দিলে অবিলম্বে চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানিয়েছে।
২৫ সেপ্টেম্বর মোককচং পুলিশ জানায়, নাগাল্যান্ডের মাংকোলেম্বা মহকুমায় সন্দেহজনক ভেজাল বা বিষাক্ত মদ পানের অভিযোগে চারজনের মৃত্যু হয়েছে এবং আরও চারজন অসুস্থ হয়ে পড়েন।
পুলিশের দাবি, অসুস্থ হওয়ার আগে ভুক্তভোগীরা সন্দেহজনক নকল ‘এমসি রাম’ পান করেছিলেন। গত কয়েক দিনের মধ্যে এই মদ পান করে চারজনের মৃত্যু হয়েছে।
মককচং পুলিশ জনসাধারণকে মদ্যপান থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে। তারা সতর্ক করেছে যে, সন্দেহজনক উৎস থেকে আসা এই মদ নাগাল্যান্ডের অন্যান্য অঞ্চলেও ছড়িয়ে পড়ে থাকতে পারে এবং তা স্বাস্থ্য ও জীবনের জন্য মারাত্মক ঝুঁকি সৃষ্টি করতে পারে।