‘নিয়োগ দুর্নীতিতে চাকরিহারা’, মমতার ভাইঝির ঝুলন্ত দেহ উদ্ধার

1

পৃথা দাশগুপ্ত,কলকাতা: আত্মঘাতী প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইঝি। আজ দুপুরে রামপুরহাটের বাড়ি থেকে উদ্ধার হয় বৃষ্টি মুখোপাধ্যায়ের ঝুলন্ত দেহ। পরিবারের অভিযোগ, তিনি গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছেন। পরিবারের সূত্রে জানা গেছে তিনি মানসিক অবসাদগ্রস্থ ছিলেন। ‌

শিক্ষক নিয়োগ দুর্নীতিতে নাম জড়ায় গ্রুপ সি-র চাকরি খোয়া গিয়েছিল। সম্প্রতি ডিভোর্স হয়েছিল বৃষ্টির।

আজ দুপুরে কুসুম্বা গ্রামে বৃষ্টির নিজের বাড়ির দোতলার বারান্দায় কাপড় দিয়ে ফাঁস লাগানো অবস্থায় দেহ উদ্ধার হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় রামপুরহাট থানার পুলিশ। দেহ উদ্ধার করে রামপুরহাট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়। দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।। প্রাথমিকভাবে অনুমান, বৃষ্টি আত্মহত্যাই করেছেন।

কিন্তু কী কারণে এই পদক্ষেপ, তা জানা যায়নি। যদিও পরিবারের সদস্যদের অভিযোগ, ৪-৫ বছর ধরে বৃষ্টি মানসিক অবসাদে ভুগছিলেন। ইদানিং নিজের ঘরে প্রায় বন্দি থাকতেন।

রামপুরহাটের কুসুম্বা গ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়ের মামারবাড়ি। তাঁর মামাতো ভাই নীহার মুখোপাধ্যায় রামপুরহাটের ১ নং ব্লকের তৃণমূল সভাপতি ছিলেন। তাঁরই মেয়ে বৃষ্টি মুখোপাধ্যায়। বৃষ্টি স্থানীয় এক স্কুলে গ্রুপ সি-র চাকরি করতেন।

নিয়োগ দুর্নীতি মামলার তদন্ত শুরুর পর কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার পেশ করা প্রমাণ অনুযায়ী, গ্রুপ সি পরীক্ষার ওএমআর শিটে ৯০ শতাংশই গরমিল ছিল। কারচুপি করে স্বজনপোষণের মাধ্যমে চাকরি পাইয়ে দেওয়া হয়েছে অনেককে। তদন্তে নেমে প্রাথমিকভাবে দুর্নীতি করে চাকরি পাওয়ার ক্ষেত্রে উঠে আসে বৃষ্টির নাম। পরবর্তীতে আইনি প্রক্রিয়ার পর বৃষ্টি চাকরি হারান।

স্বাভাবিকভাবে এলাকায় শোকের ছায়া। কি কারনে মৃত্যু তদন্ত করে দেখছে রামপুরহাট থানার পুলিশ।