প্রধানমন্ত্রীর ‘দিমাগি নকশাল’ মন্তব্য ফের বিতর্কের চ্যালেঞ্জ রাহুল গান্ধীর

51

নিউজ ডেস্ক: লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী ফের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে প্রকাশ্য বিতর্কের চ্যালেঞ্জ জানালেন। প্রধানমন্ত্রী বিরোধী নেতাদের ‘দিমাগি নকশাল’ (মানসিকতায় নকশাল) বলে অভিহিত করার প্রেক্ষিতেই রাহুল এই চ্যালেঞ্জ দিয়েছেন।
রবিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মন্তব্য করেছিলেন যে, রাজনৈতিক দলসহ বিভিন্ন সংস্থায় ‘দিমাগি নকশাল’রা অনুপ্রবেশ করেছে এবং তারা সংবিধান ও গণতন্ত্রের বিরুদ্ধে মানুষকে উসকে দিচ্ছে।
ছত্তীশগড়ে সিআরপিএফ জওয়ানদের উদ্দেশে প্রধানমন্ত্রী মোদীর দীপাবলির ভাষণের প্রসঙ্গ টেনে রাহুল প্রধানমন্ত্রীকে বিতর্কের চ্যালেঞ্জ জানিয়ে প্রশ্ন তোলেন—কে আসলে ‘দেশবিরোধী’ এবং কারা বিদেশি শক্তির দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে?
সমাজমাধ্যমে রাহুল গান্ধী লিখেছেন, প্রিয় @crpfindia, আপনাদের মুখ দেখেই সব বোঝা যাচ্ছিল: আপনারা প্রধানমন্ত্রীর মিথ্যা কথাগুলো বিশ্বাস করেননি। তিনি আমাদের ‘নকশাল’ বলে অভিহিত করেছেন। আমার চ্যালেঞ্জ রইল— আসুন, বিতর্ক করা যাক যে কে দেশবিরোধী আর কারা বিদেশি শক্তির দ্বারা নিয়ন্ত্রিত। যে কোনও সময়, যে কোনও জায়গায়। আমার গ্যারান্টি— এই বিতর্কের পর, একজন জওয়ানের সামনে দাঁড়ানোর সাহসও আর প্রধানমন্ত্রীর থাকবে না।

‘দিমাগি নকশাল’ নিয়ে কী বলেছিলেন প্রধানমন্ত্রী মোদী?
রবিবার ছত্তীশগড়ের বস্তার জেলার করণপুরে সিআরপিএফ-এর একটি ক্যাম্পে জওয়ানদের সঙ্গে দীপাবলি উদযাপন করেন প্রধানমন্ত্রী মোদী।
সেখানে উপস্থিত জওয়ানদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, সশস্ত্র মাওবাদীদের নির্মূল করা সম্ভব হলেও নকশালবাদের হুমকি পুরোপুরি দূর হয়নি। তিনি সতর্ক করে দিয়ে বলেন, নকশালবাদের আদর্শগত সমর্থকরা— যাদের তিনি ‘দিমাগি নকশাল’ বলে অভিহিত করেছেন— তারা বিভিন্ন সংগঠনে নিজেদের প্রভাব বিস্তার করে ফেলেছে।
এরপর মোদী বলেছেন, সাফল্যগুলোর পাশাপাশি আমাদের আরও একটি বিষয় মনে রাখতে হবে, নকশালদের নির্মূল করা হয়েছে ঠিকই, কিন্তু বিপদ এখনও পুরোপুরি কাটেনি। সশস্ত্র নকশালরা জঙ্গল থেকে সরে গেছে, তবে ‘মানসিকতায় নকশালরা’ এখন বিভিন্ন সংগঠনের নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছে।

তিনি আরও বলেন, এমনকি আজও তারা দেশের সংবিধান ও গণতন্ত্রের বিরুদ্ধে মানুষকে উসকে দিচ্ছে। তারা বিভিন্ন রাজনৈতিক দল ও নানা সংগঠনে অনুপ্রবেশ করেছে। আমাদের এদের চিহ্নিত করে পরাজিত করতে হবে এবং দেশকে সুরক্ষিত রাখতে হবে।
বস্তারে মোতায়েন কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনী এবং ছত্তীশগড় পুলিশের সদস্যরা এই অঞ্চলে নকশালবিরোধী অভিযানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।

‘দিমাগি নকশাল’ -দের বিষয়ে প্রধানমন্ত্রীর পূর্বের সতর্কবার্তা
চলতি বছরের ৩১ মার্চ, কেন্দ্রীয় সরকার ঘোষণা করেছিল যে, বেশ কয়েকজন মাওবাদী নেতা ও ক্যাডারের নিকেশ এবং শত শত মাওবাদীর আত্মসমর্পণের পর দেশ নকশালবাদের অভিশাপ থেকে মুক্ত হয়েছে।
প্রধানমন্ত্রী মোদী মাওবাদী সন্ত্রাসের অবসানকে দেশের সঠিক নীতি এবং দৃঢ় রাজনৈতিক সদিচ্ছার জয় হিসেবে অভিহিত করেছিলেন।
এর আগে, আগস্ট মাসে স্বাধীনতা দিবসের ভাষণে প্রধানমন্ত্রী ‘দিমাগি নকশাল’-দের প্রসঙ্গ উল্লেখ করেছিলেন। তিনি বলেছিলেন যে, যদিও জঙ্গল থেকে সশস্ত্র নকশালবাদকে নির্মূল করা সম্ভব হয়েছে, তবুও তাদের আদর্শগত সমর্থকরা এখনও হিংসা ও নৈরাজ্য ছড়ানোর সুযোগ খুঁজছে।