নিউজ ডেস্ক: দিল্লিতে আন্দোলনরত জেন জির পাশে দাঁড়ালেন বিরোধী দলনেতা রাহুল গান্ধী। সমাজমাধ্যমে এক ভিডিয়ো বার্তায় বলেছেন, দিল্লিতে যে তরুণ-তরুণীরা আন্দোলন করছে তাদের সমর্থন করি আমি। তারপরই বলেছেন, বিজেপি-আরএসএসের মূল বৈশিষ্ট্যই হল কাপুরুষতা।
ভিডিয়োবার্তায় রাহুল গান্ধী বলেছেন, গত এক দশকেরও বেশি সময় ধরে আমি নরেন্দ্র মোদী ও আরএসএস-এর বিরুদ্ধে লড়াই করে আসছি। একজন প্রতিপক্ষকে যেমন ভালোভাবে চেনা যায়— একেবারে খুঁটিনাটি সহ— আমিও তাদের ঠিক সেভাবেই চিনি। এদের মূল বৈশিষ্ট্যই হল কাপুরুষতা। এই গল্পের খলনায়ক— নরেন্দ্র মোদী, অমিত শাহ, মোহন ভাগবত, জ্ঞানেশকুমার এবং অজিত দোভাল— দেখতে পাচ্ছেন যে তাঁদের চারপাশের পরিসর ক্রমশ সংকুচিত হয়ে আসছে। আমরাই সেই পরিসর সংকুচিত করছি।
সরাসরি প্রধানমন্ত্রীকে হুঁশিয়ারি দিয়ে রাহুল গান্ধী বলেছেন, মিস্টার মোদী, আপনি যা খুশি করুন। যত ইচ্ছা পুলিশ ডাকুন— ১০ হাজার, ২০ হাজার, ৫০ হাজার— যা আপনার ইচ্ছে। সব নেতাকে গ্রেফতার করুন। সব তরুণ, সব তরুণীকে গ্রেফতার করুন। আমাদের সবাইকে গ্রেফতার করুন। আমরা আপনাকে ঘিরে ফেলেছি এবং আমরা পিছু হটব না। আমার কথা লিখে রাখুন: প্রয়োজনীয় সব তথ্য আমাদের হাতেই আছে। আমরা আমাদের সংবিধান রক্ষা করব। আমরা ভারতের জনগণের কণ্ঠস্বরকে রক্ষা করব।
যুব প্রজন্মকে রাহুল বার্তা দিয়েছেন, আর আমরা নিশ্চিত করব যেন গত ১০-১৫ বছরে ভারতের ওপর যা করা হয়েছে, তার পুনরাবৃত্তি আর কখনোই না ঘটে। ভারতের তরুণ সমাজ, আমি তোমাদের নিয়ে গর্বিত। প্রতিবাদ চালিয়ে যাও। আমরা তোমাদের পাশে আছি। আমরা নিশ্চিত করব যেন এই শাসনব্যবস্থা এবং যারা আমাদের সংবিধানের ওপর আঘাত হেনেছে, তারা পরাজিত হয়।