মোদী-শাহর বিরুদ্ধে তদন্তের দাবি রাহুলের রাজসাক্ষী হন জ্ঞানেশ কুমার, আহ্বান রাহুলের

32

নিউজ ডেস্ক: মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর বিরুদ্ধে তীব্র আক্রমণ রাহুল গান্ধীর। নির্বাচন প্রক্রিয়ায় অনিয়মের জন্য প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে তদন্তের দাবি তোলেন বিরোধী দলনেতা রাহুল গান্ধী। এইসঙ্গে তিনি জ্ঞানেশ কুমারের প্রতি আবেদন জানিয়েছেন, আপনি যা করেছেন সেটা দেশদ্রোহিতা। আপনি রাজসাক্ষী হন। আপনাকে কে এসব করতে বলেছে, প্রকাশ করুন।
নির্বাচন প্রক্রিয়ায় অনিয়মের সঙ্গে সংসদে পাস হওয়া আইনের বৈধতার বিষয়টি যুক্ত করে রাহুল গান্ধী মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার ও নরেন্দ্র মোদী সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়েছেন।
রাহুল গান্ধী বলেন, ভোট চুরির পথ ধরেই আসে আইন চুরি। আজ ভোটও গেছে, আইন প্রণয়নের ব্যবস্থাও গেছে। যদি ভোট চুরি হয়ে থাকে, তবে ভোট চুরির মাধ্যমে নির্বাচিত সাংসদরা যেসব আইন বা প্রাতিষ্ঠানিক পরিবর্তন এনেছেন, সেগুলোও অবৈধ।
তিনি এই বিশৃঙ্খলার জন্য জ্ঞানেশ কুমারকে দায়ী করেন এবং দাবি করেন যে, অন্য দুই নির্বাচন কমিশনারও এর জন্য মুখ্য নির্বাচন কমিশনারকেই দায়ী করেছেন।
সম্প্রতি একটি প্রতিবেদনে দাবি করা হয়েছে যে, গত ১০ মাসে দেশজুড়ে এসআইআর প্রক্রিয়ায় বেশকিছু বিষয়ে দুই নির্বাচন কমিশনার মুখ্য নির্বাচন কমিশনারের সঙ্গে একমত ছিলেন না এবং তাঁদের অন্ধকারে রাখা হয়েছিল, এই খবর প্রকাশের ঠিক পরের দিনই রাহুল গান্ধী এই মন্তব্য করলেন।
নির্বাচন কমিশনের অভ্যন্তরীণ মতপার্থক্যের প্রসঙ্গ টেনে রাহুল গান্ধী বলেন, ভোট আমাদের দেশের ভিত্তি, আর সেই ভোটকেই ধ্বংস করা হয়েছে।
রাহুল আরও বলেন, এটি শুধু ভোটের ওপর আক্রমণ নয়, এটি প্রতিটি ভারতীয়র মতপ্রকাশের স্বাধীনতার ওপরও আক্রমণ। ভোটারদের অধিকার রক্ষার দায়িত্ব নির্বাচন কমিশনের। তিনি যুক্তি দেন যে, ভোট ব্যবস্থা ধ্বংস হয়ে গেলে বুঝতে হবে সংবিধান ঠিকভাবে কাজ করছে না।
দুই নির্বাচন কমিশনার সঠিক কাজ করেছেন, তাঁদের অভিনন্দন বলেন রাহুল গান্ধী।