রাষ্ট্রসংঘের নতুন মানচিত্রে বিতর্ক। ভারতের বাইরে অরুণাচল প্রদেশ!

38

নিউজ ডেস্ক: রাষ্ট্রসংঘের নতুন মানচিত্রে অরুণাচল প্রদেশ আকসাই চিনকে ভারতের সীমানার বাইরে দেখানো হয়েছে। গত সপ্তাহে রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদ আফ্রিকান ইউনিয়নের সমর্থনে ‘মানচিত্র সংশোধন’ শীর্ষক একটি প্রস্তাব গ্রহণ করে; এতে বিশ্বের বিভিন্ন অঞ্চলের, বিশেষ করে আফ্রিকার, মানচিত্র আরও নির্ভুল করার আহ্বান জানানো হয়েছিল।


রাষ্ট্রসংঘের প্রকাশিত বিশ্বের নতুন মানচিত্র নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে। এতে অরুণাচল প্রদেশ এবং আকসাই চিন— যাকে নয়াদিল্লি লাদাখের অংশ হিসেবে দাবি করে— ভারত ও চিনের দাবিকৃত সীমানার মধ্যবর্তী পৃথক অঞ্চল হিসেবে দেখানো হয়েছে।


রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদের প্রস্তাব নিয়ে আলোচনার সময় গত ১ জুলাই মানচিত্রটি প্রথম প্রকাশিত হয়। এতে অরুণাচল প্রদেশের সঙ্গে নাগাল্যান্ডের সীমানা মুছে ফেলা হয়েছে এবং এই অঞ্চলকে অসম ও চিনের সীমান্তবর্তী একটি স্বাধীন রাজ্য হিসেবে দেখানো হয়েছে।


একইভাবে, মানচিত্রে আকসাই চিনকে একটি স্বাধীন অঞ্চল হিসেবে দেখানো হয়েছে, যার পশ্চিম দিক ভারতের এবং পূর্ব দিক চিনের সীমানা স্পর্শ করেছে। রাষ্ট্রসংঘ এই পরিবর্তনের কারণ ব্যাখ্যা করেনি।


ভারতের বিদেশমন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল এর আগে নতুন মানচিত্র নিয়ে বলেছিলেন, জম্মু ও কাশ্মীর এবং লাদাখ—এই কেন্দ্রশাসিত অঞ্চলসহ ভারতের সার্বভৌম ভূখণ্ডকে অবশ্যই ভারতের সরকারি মানচিত্র অনুযায়ী উপস্থাপন করতে হবে। কোনও ভুল বা বিভ্রান্তিকর উপস্থাপনা গ্রহণযোগ্য নয়। ভারতের সার্বভৌমত্ব ও ভূখণ্ডগত অখণ্ডতার বিষয়ে আমাদের অবস্থান স্পষ্ট, ধারাবাহিক এবং এ নিয়ে কোনও আপস করা সম্ভব নয়।


অরুণাচল প্রদেশ ও আকসাই চিন, যে অঞ্চলগুলো নিয়ে ভারত ও চিনের পৃথক দাবি রয়েছে— সেগুলোকে মানচিত্রে যেভাবে চিহ্নিত করা হয়েছে, সে বিষয়ে নয়াদিল্লি এখনও কোনও মন্তব্য করেনি।


ভারত ধারাবাহিকভাবে এই অবস্থান বজায় রেখেছে যে, আকসাই চিন-সহ জম্মু ও কাশ্মীর এবং লাদাখ কেন্দ্রশাসিত অঞ্চল— পুরোটাই ভারতের অবিচ্ছেদ্য ও অবিভাজ্য অংশ ছিল, আছে এবং চিরকাল থাকবে। নয়াদিল্লি এও মনে করে যে, অরুণাচল প্রদেশ ভারতীয় ভূখণ্ডের একটি অবিচ্ছেদ্য অংশ।